জাতীয় পার্টির (জাপা) সভাপতিমণ্ডলীর সদস্য ও সাংসদদের যৌথ সভা করতে ব্যর্থ হয়ে কেবল সভাপতিমণ্ডলীর সভা ডেকেছেন এইচ এম এরশাদ। আজ রোববার বেলা ১১টায় তাঁর বনানীর রাজনৈতিক কার্যালয়ে এ সভা হওয়ার কথা রয়েছে।
দলে কো-চেয়ারম্যান নিযুক্ত ও মহাসচিব বদল নিয়ে অস্থিরতার মধ্যেই জাপার ৩৭ সদস্যের সভাপতিমণ্ডলীর এ বৈঠক হতে যাচ্ছে। এর আগে সর্বশেষ সভাপতিমণ্ডলীর বৈঠক হয়েছিল প্রায় দুই বছর আগে।
হঠাৎ এ বৈঠক ডাকার কারণ জানতে চাইলে জাপার নবনিযুক্ত মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার গত রাতে বলেন, আগামী এপ্রিলে অনুষ্ঠেয় দলের জাতীয় সম্মেলনের প্রস্তুতি, মাঠপর্যায়ে দল পুনর্গঠন এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে সভাপতিমণ্ডলীর সদস্যদের সভা ডাকা হয়েছে। তিনি বলেন, এ বৈঠকের আলোচ্যসূচিতে মন্ত্রিসভা থেকে দলের নেতাদের বের হয়ে আসার বিষয়টি নেই।
দলের অপর একটি দায়িত্বশীল সূত্র জানায়, এর আগে জাপার চেয়ারম্যান এরশাদ দলের সভাপতিমণ্ডলী ও সাংসদদের যৌথ সভা করতে চেয়েছিলেন। এ জন্য রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তন ভাড়া নেওয়া হয়েছিল। কিন্তু স্ত্রী রওশন এরশাদের অনুসারী কয়েকজন নেতার বিরোধিতার মুখে যৌথ সভা স্থগিত করা হয়।
সভাপতিমণ্ডলীর আজকের এই সভায় রওশনপন্থী নেতাদের অনেকে উপস্থিত না-ও থাকতে পারেন বলে একটি সূত্র জানিয়েছে। এ বিষয়ে আজকের সভার কার্যক্রমের সঙ্গে যুক্ত একজন নেতা প্রথম আলোকে বলেন, সভাপতিমণ্ডলীর দুজন সদস্যের মুঠোফোন বন্ধ থাকায় তাঁদের সঙ্গে কথা বলা যায়নি। আর রওশনপন্থী অংশের গুরুত্বপূর্ণ তিন নেতা আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু ও তাজুল ইসলাম চৌধুরী ব্যক্তিগত কাজ থাকায় সভায় থাকতে পারবেন না বলে জানিয়েছেন।
এ ছাড়া জাপার মহাসচিব রুহুল আমিন হাওলাদার গত রাতে রওশন এরশাদের গুলশানের বাসায় গিয়ে তাঁকে আজকের সভার দাওয়াত দিয়েছেন বলে জানা গেছে। তবে তিনি সভায় উপস্থিত থাকবেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
প্রথম আলোর কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, গতকাল কিশোরগঞ্জে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাপার সভাপতিমণ্ডলীর সদস্য ও শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেছেন, তাঁর দলের আপাতত মন্ত্রিসভা ছাড়ার কোনো সম্ভাবনা নেই। তিনি বলেন, ‘দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদীয় কমিটি যে সিদ্ধান্ত নেবে, তা-ই হবে আমাদের সিদ্ধান্ত।’
কিছুদিন ধরে দলীয় প্রধান এইচ এম এরশাদ ও নবনিযুক্ত কো-চেয়ারম্যান জি এম কাদের বলে আসছেন যে দলের তিনজন সাংসদ সরকারের মন্ত্রিসভায় থাকায় মানুষ জাতীয় পার্টিকে বিরোধী দল মনে করে না। এ কারণে মানুষ জাতীয় পার্টি থেকে বিমুখ হচ্ছে।
এর পরিপ্রেক্ষিতে সাংবাদিকেরা জানতে চান, মন্ত্রিসভায় থাকার কারণে জাপার অস্তিত্ব হুমকির মুখে পড়েছে কি না। জবাবে মুজিবুল হক বলেন, ‘বরং আমরা সুযোগ-সুবিধা পাচ্ছি দলকে সুসংগঠিত করার। জাতীয় পার্টির অস্তিত্ব হুমকির মুখে পড়েছে যাঁরা বলেন, তাঁরা দু-একজন ব্যক্তিগতভাবে বলেন। এটা দলের কথা না।’