যোগ দিলেন সাতজন হয়ে গেল শতাধিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবিতে বিএনপির সাতজন নেতা-কর্মীকে দেখা যাচ্ছে। অথচ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শতাধিক। গতকাল মঙ্গলবার ছবিসহ একটি সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়। তাতে সিলেট নগরের টিলাগড় এলাকায় জেলা আওয়ামী লীগ নেতার বাসায় গিয়ে গত সোমবার বিএনপি ছেড়ে শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন বলে উল্লেখ করা হয়।
গণমাধ্যমে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর বাসভবনে তাঁর হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন সিলেটের বিভিন্ন স্থান থেকে আসা বিএনপি, ছাত্রদল ও যুবদলের শতাধিক নেতা-কর্মী।
এর মধ্যে যোগদানকারী সাতজনের নাম দেওয়া হয়েছে। এঁরা হলেন সিরাজুল ইসলাম হাজারী, মিজানুর রহমান, ফেরদৌস আহমদ, তোফায়েল আহমদ, শরীফ আহমদ, আবদুল গণি ও নাজিম উদ্দিন। কিন্তু তাঁরা দলের কে কোন পদে ছিলেন বা কোন এলাকার সেসবের কিছুই উল্লেখ ছিল না। সাত থেকে শতাধিক কীভাবে হলো, জানতে চাইলে যোগদান অনুষ্ঠানে উপস্থিত থাকা একাধিক আওয়ামী লীগ নেতা বিস্ময় প্রকাশ করেন। আবার কারও কারও দাবি, সাতজন উপস্থিত থাকলেও তাঁদের নেতৃত্বে শতাধিক যোগদান সম্পন্ন হয়েছে।
এ বিষয়ে আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান চৌধুরী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এটা বিষয় না, বিষয় হলো যোগদান অনুষ্ঠান হয়েছে কি না। এ অনুষ্ঠানের মাধ্যমে একটি বিষয় পরিষ্কার হয়েছে। এটা হলো, মানুষ রাজনীতির নামে সন্ত্রাস চায় না, শান্তি চায়। এ জন্য বিএনপি ছেড়ে আসছে।’
দল বদলকারীরা কে কোন এলাকার জানতে চাইলে, আওয়ামী লীগের ওই নেতা বলেন, ‘আমি তো গোটা জেলার নেতৃত্বে। সারা জেলায় আওয়ামী লীগে যোগ দিতে একধরনের জাগরণ দেখা দিয়েছে। প্রতিদিনই জেলার কোনো না কোনো ইউনিয়ন, নগরের বিভিন্ন ওয়ার্ড থেকে যোগ দিতে মানুষ আমার বাসায় জড়ো হচ্ছে।’
যোগদান অনুষ্ঠানে ছিলেন মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও জালালাবাদ গ্যাসের সিবিএ সভাপতি আবদুর রহমান। তাঁর কাছে জানতে চাইলে তিনিও কতজন ছিলেন তা বলতে দ্বিধা প্রকাশ করেন। একপর্যায়ে বলেন, ‘আমাকে আসলে ওই অনুষ্ঠানে ডেকে নেওয়া হয়েছিল। আমি কিছু জানি না। সাত-আটজন ফুল দিলেও তাঁদের সঙ্গে ২০-২৫ জন বোধ হয় যোগ দিয়েছেন।’ তাঁরা কারা ছিলেন সে প্রশ্নের জবাবে ‘জানি না’ বলে বিষয়টি এড়িয়ে যান তিনি।