রংপুর আ.লীগের নেতা রাশেককে কারণ দর্শাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমানের ছেলে রাশেক রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। গতকাল রোববার রাতে দেওয়া নোটিশে সংগঠনবিরোধী কার্যকলাপের জন্য কেন বহিষ্কার করা হবে না, তা জানাতে সাত দিনের সময় দেওয়া হয়েছে। রাশেক রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য।

আওয়ামী লীগের তিনজন কেন্দ্রীয় নেতা এই তথ্য নিশ্চিত করেছেন। রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হকও প্রথম আলোকে নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তবে এর বেশি কিছু বলতে চাননি তিনি।

দলীয় সূত্র জানায়, তৃণমূলে সদস্য সংগ্রহের ধারাবাহিকতায় রংপুরের মিঠাপুকুর উপজেলায় আওয়ামী লীগের বর্ধিত সভা হওয়ার কথা ছিল গতকাল। স্থানীয় সাংসদ এইচ এন আশিকুর রহমান না থাকায় এবং দলাদলির কথা বিবেচনা করে বর্ধিত সভা স্থগিত করা হয়। কিন্তু কেন্দ্রীয় নেতাদের পাশ কাটিয়ে মিঠাপুকুরে সভা করেন রাশেক রহমান। তাঁর উপস্থিতিতে স্থানীয় নেতারা কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে বিষোদ্‌গার করেন। এটা জেনেই দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাশেক রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশ দেন।

রংপুর বিভাগের সাংগঠনিক দায়িত্বে রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল।

দলীয় সূত্র জানায়, মিঠাপুকুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত কমিটি ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে সাংসদ আশিকুর রহমানের বিরুদ্ধে। কেন্দ্রীয় ও রংপুর জেলা আওয়ামী লীগ পুনরায় কমিটি পুনর্বহাল করে। এই নিয়ে সেখানে দ্বন্দ্ব বিরাজমান।

এই বিষয়ে বক্তব্য জানার জন্য বারবার চেষ্টা করেও রাশেক রহমানকে পাওয়া যায়নি।