রংপুর মহানগর ছাত্রলীগের কমিটি স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর মহানগর ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়েছে।
গতকাল শনিবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
এ ছাড়া রংপুর মহানগর ছাত্রলীগের সভাপতি ইউনুছ আলীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠায় তা তদন্তে তিন সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।
ছাত্রলীগের একটি সূত্র বলছে, রংপুর মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের কমিটি গঠনের সাত দিনের মধ্যেই তা বাতিল করে মহানগর কমিটি। এ নিয়ে মহানগর ও মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এর জের ধরেই মহানগর কমিটি স্থগিত করা হয়েছে বলে নেতা-কর্মীরা জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর মহানগরের সভাপতির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে কেন্দ্রীয় সহসভাপতি জয়দেব নন্দী, আবদুল কাদের মহিউদ্দিন ও দপ্তর সম্পাদক শেখ রাসেলকে নিয়ে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
গত বছরের ২৭ নভেম্বর মহানগর ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। কিন্তু মেয়াদের প্রায় অর্ধেক সময় পেরিয়ে গেলেও ১২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেননি দায়িত্বপ্রাপ্ত নেতারা। উল্টো মহানগর কমিটির আওতাধীন মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের নেতাদের সঙ্গে তাদের বিরোধ তৈরি হয়।
কমিটি বাতিল ও তদন্ত কমিটি গঠনের বিষয়ে ইউনুছ আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।