আগামী ডিসেম্বরে রংপুর সিটি করপোরেশন নির্বাচন। এরই মধ্যে নির্বাচনী মাঠ সরগরম হয়ে উঠেছে। শহরের প্রধান সড়কগুলোতে শোভা পাচ্ছে সম্ভাব্য প্রার্থীদের ছবিসংবলিত রঙিন প্ল্যাকার্ড ও পোস্টার।
নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের জনা দশেক, বিএনপি ও জাতীয় পার্টির তিনজন করে নেতা দলীয় মনোনয়নের জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন। তাঁরা নিজেদের যোগ্য প্রার্থী বলে দাবি করলেও তাকিয়ে আছেন কেন্দ্রের দিকে। মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির মনোনয়ন কে পাবেন, এ নিয়ে নানা জল্পনা থাকলেও জাতীয় পার্টি অনেকটা নির্ভার। দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আগাম ঘোষণা দিয়েছেন, মহানগর জাপার সভাপতি মোস্তাফিজার রহমানই হচ্ছেন তাঁর মনোনীত প্রার্থী।
রাজনৈতিক দলের পাশাপাশি নাগরিক সমাজের মধ্যেও সিটি নির্বাচন নিয়ে তৎপরতা লক্ষ করা গেছে। সম্প্রতি সুশাসনের জন্য নাগরিক (সুজন) ‘কেমন প্রার্থী চাই’ নামে একটি মতবিনিময় সভার আয়োজন করে। এতে সব প্রধান দলের নেতারা ছিলেন।
আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে বর্তমান মেয়র সরফুদ্দীন আহমেদ ছাড়াও আছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান, সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, জেলা আওয়ামী লীগ নেতা ও চেম্বারের সাবেক সভাপতি আবুল কাশেম, সদর উপজেলার নেতা আতাউজ্জামান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও মেট্রোপলিটন চেম্বারের সভাপতি রেজাউল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য চৌধুরী খালেকুজ্জামান। সাবেক পৌর মেয়র আবদুর রউফ।
রংপুর চেম্বারের সাবেক সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা ইলিয়াছ আহমদ ও রাশেক রহমানের নামও আলোচনায় আছে।
বিএনপির সম্ভাব্য প্রার্থী হলেন মহানগর সভাপতি মোজাফফর হোসেন, সাবেক সভাপতি কাওসার জামান ও মহানগর শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ মহানগর শাখার সভাপতি মোস্তাফিজার রহমানের নাম ঘোষণা করলেও তাঁর ভাইপো হোসেন মকবুল শাহরিয়ার এবং নগর কমিটির সাধারণ সম্পাদক এস এম ইয়াসিরও প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
তিন বড় দল ছাড়াও ওয়ার্কার্স পার্টির মাজেরুল ইসলাম ও কমিউনিস্ট পার্টি-বাসদের পক্ষে বাসদ নেতা আবদুল কুদ্দুসও প্রার্থী হতে পারেন।
সরফুদ্দীন আহমেদ তাঁর প্রতিশ্রুতির অধিকাংশ পূরণ করেছেন বলে প্রথম আলোর কাছে দাবি করেছেন। কিন্তু নাগরিক সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মনে করেন, মেয়র রুটিন কাজগুলো করলেও বড় প্রকল্প বাস্তবায়ন করতে পারেননি। বিশেষ করে বর্ধিত এলাকায় নাগরিক সুবিধা পৌঁছাতে তিনি ব্যর্থ হয়েছেন। মেয়রের দাবি, তিনি সিটি করপোরেশনে দলীয় রাজনীতি ঢুকতে দেননি। নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছেন।
আওয়ামী লীগ নেতা-কর্মীদের দাবি, রংপুর এরশাদের শক্ত ঘাঁটি বলা হলেও তাঁর জনপ্রিয়তা এখন ভাটির দিকে। রংপুর বিভাগ, বিশ্ববিদ্যালয় ও সিটি করপোরেশন—তিনটিই করেছে আওয়ামী লীগ সরকার। গত সাড়ে চার বছরে নগরের উন্নয়নে অনেক কাজ হয়েছে। সে ক্ষেত্রে সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর জয়ের সম্ভাবনা বেশি। তবে তাঁদের মতে, দলীয় মনোনয়নের ক্ষেত্রে প্রার্থীর ব্যক্তিগত ভাবমূর্তি, জনপ্রিয়তা ও সাংগঠনিক সক্ষমতাকে বিবেচনায় নিতে হবে।
বর্তমান মেয়র মনে করেন, রংপুরের উন্নয়ন ধরে রাখতে জনগণ আওয়ামী লীগের প্রার্থীকেই বিজয়ী করবে। জাতীয় পার্টির মোস্তাফিজার রহমানের দাবি, রংপুরের মানুষ এরশাদের পক্ষে আছে। আর বিএনপির মহানগরের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের মতে, জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে বিএনপির প্রার্থী জয়ী হবেন।
২০১২ সালের ২০ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচন হয়। প্রথম মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছিলেন সরফুদ্দীন আহমেদ। জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য হলেও রংপুর নাগরিক কমিটির প্রার্থী হিসেবে তিনি নির্বাচন করেন। তাঁর প্রতিশ্রুতি ছিল পাইপলাইনের মাধ্যমে গ্যাস আনা, নগরের মধ্য দিয়ে বয়ে যাওয়া শ্যামাসুন্দরী খালের সংস্কার ও সংরক্ষণ, বর্ধিত এলাকার উন্নয়ন, আধুনিক পয়োনিষ্কাশনব্যবস্থা গড়ে তোলা।
রংপুর সচেতন নাগরিক কমিটির (সনাক) সাবেক সভাপতি অধ্যাপক মলয়কিশোর ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, মেয়রের প্রতিশ্রুতির অনেক কিছুই পূরণ হয়নি। শ্যামাসুন্দরী খাল সংস্কারে কোনো কাজ হয়নি। চার লেন সড়ক হলেও যানজট কমেনি।
রংপুর সাহিত্য সাংস্কৃতিক পরিষদের মফিজুল ইসলাম মনে করেন, নগরবাসীর স্বাস্থ্যসেবা বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
মেয়রের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফুটপাত দখলমুক্ত করে নগরের যানজট নিরসন করা। কিন্তু ফুটপাতগুলো অবৈধ দখলে যাওয়ায় নগরবাসীর চলাচলে সমস্যা হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, নগরের সুপার মার্কেট মোড়, পায়রা চত্বর থেকে সুপার মার্কেট, জাহাজ কোম্পানি মোড় থেকে শাপলা চত্বর পর্যন্ত ফুটপাত ও সড়কের কিছু অংশে হকাররা জুতা, কাপড়, ফল, সবজিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের পসরা সাজিয়ে বসেছেন। শহরের জাহাজ কোম্পানি এলাকার একজন ব্যবসায়ী বলেন, সড়কের দুই পাশ হকার ও অটোরিকশার দখলে থাকায় পথ চলতে খুবই বিড়ম্বনায় পড়তে হচ্ছে।
নগরের বর্ধিত এলাকা ঘুরে দেখা গেছে, সেখানে নাগরিকের জন্য পানির সুব্যবস্থা, পয়োনিষ্কাশনের ব্যবস্থা নেই। রাস্তাঘাটও সব পাকা হয়নি। ৭ নম্বর ওয়ার্ডের বেনুঘাট এলাকার বাসিন্দা ব্যবসায়ী সিদ্দিক হোসেন বলেন, নামেই সিটি করপোরেশন। প্রধান রাস্তাটি পাকা হলেও অধিকাংশ রাস্তা এখনো কাঁচা।
৮ নম্বর ওয়ার্ডের গুলালগুদাই এলাকার বাসিন্দা সমাজসেবক আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা ট্যাক্স দিই। কিন্তু সিটি করপোরেশনের তেমন কোনো সুবিধা পাই না। রাস্তাঘাট খারাপ। পানির সমস্যা তো আছেই।’
সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোলাম কবির বলেন, উন্নয়ন বরাদ্দ অপ্রতুল। সাধ্য অনুযায়ী উন্নয়ন করার চেষ্টা করা হয়েছে। ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইদ্রিস আলী বলেন, ভাঙা রাস্তাগুলো সংস্কার করার চেষ্টা করা হয়েছে।
শহরের ঠিকাদারপাড়া এলাকার ব্যবসায়ী এনামুল করিম বলেন, তিন বছর ধরে কাজ করেও রেলস্টেশন রাস্তাটি ভালো করতে পারেনি। এটি উন্নয়নের লক্ষণ নয়।