রংপুর সিটিতে ১৩ প্রার্থীর মনোনয়ন জমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিচ্ছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সরফুদ্দীন আহমেদ। রংপুর, ২২ নভেম্বর। ছবি: ছবি: মঈনুল ইসলাম
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিচ্ছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সরফুদ্দীন আহমেদ। রংপুর, ২২ নভেম্বর। ছবি: ছবি: মঈনুল ইসলাম

রংপুর সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়া আজ বুধবার শেষ হয়েছে। শেষ দিনে মেয়র পদের প্রধান দুই রাজনৈতিক দলের প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সব মিলিয়ে মেয়র পদে ১৩ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আওয়ামী লীগের প্রার্থী সদ্যবিদায়ী মেয়র সরফুদ্দীন আহমেদ বেলা সাড়ে ১২টায় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে আসেন মনোনয়নপত্র জমা দিতে। বিএনপির পক্ষে দলীয় মনোনয়ন চূড়ান্ত হয়েছে গত মঙ্গলবার রাতে। মহানগর সহসভাপতি কাওসার জামান মনোনয়ন পেয়েছেন। তিনি গতবারও বিএনপির পক্ষে নির্বাচন করে তৃতীয় স্থানে ছিলেন। বেলা দেড়টার দিকে তিনিও দলের জ্যেষ্ঠ নেতা ও নবীন কর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন।

মনোনয়নপত্র জমা দিচ্ছেন বিএনপির প্রার্থী কাওসার জামান। ছবি: প্রথম আলো
মনোনয়নপত্র জমা দিচ্ছেন বিএনপির প্রার্থী কাওসার জামান। ছবি: প্রথম আলো

নির্বাচন কমিশন সূত্র জানায়, এবার মেয়র পদে মোট ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছিলেন। জমা দিয়েছেন ১৩ জন। তাঁরা হলেন আওয়ামী লীগের সরফুদ্দীন আহমেদ, বিএনপির কাওসার জামান, জাতীয় পাটির মোস্তাফিজার রহমান, ইসলামী আন্দোলনের এ টি এম গোলাম মোস্তফা, বাসদের আবদুল কুদ্দুস ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সেলিম আখতার। স্বতন্ত্র প্রার্থীরা হলেন সুইটি আঞ্জুম, মুক্তিযোদ্ধা আবদুল মজিদ (বীর প্রতীক), মেহেদী হাসান, শাকিল রায়হান, আবদুর রউফ মানিক, নাজমুল আলম ও হোসেন মকবুল শাহরিয়ার। মনোনয়নপত্র নিলেও আওয়ামী লীগের জেলা কমিটির সদস্য রাশেক রহমান জমা দেননি। তবে জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম দলীয় মনোনয়ন না পেলেও মনোনয়নপত্র জমা দিয়েছেন।

কাউন্সিলরের ৩৩টি ওয়ার্ডে মনোনয়নপত্র নিয়েছিলেন ২৩০ জন, জমা দিয়েছেন ২২৬ জন। সংরক্ষিত মহিলা কাউন্সিলরের ১১টি পদের ৬৭ জন মনোনয়নপত্র নিয়েছিলেন, সবাই জমা দিয়েছেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২৫-২৬ নভেম্বর, বাছাই তালিকা প্রকাশ করা হবে ২৭ নভেম্বর। প্রার্থী পদ প্রত্যাহারের শেষ দিন ৩ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ করা হবে ৪ ডিসেম্বর। সেদিন থেকেই শুরু হবে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার পর্ব। ভোট গ্রহণ হবে ২১ ডিসেম্বর। রংপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচন হয়েছিল ২০১২ সালের ২০ ডিসেম্বর। এবার প্রথমবারের মতো দলীয় প্রতীক নিয়ে মেয়র পদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।