রংপুরে আজ শনিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি। আর আগামীকাল রবি ও পরদিন সোমবার হরতালের ঘোষণা দেওয়া হয়েছে রাজশাহী বিভাগের সব জেলায়। রোববার বরিশাল বিভাগের সব জেলায় হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি।
নিজস্ব প্রতিবেদক ও আঞ্চলিক অফিস-এর পাঠানো খবর:
রংপুর জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে গতকাল শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলনে হরতালের ঘোষণা দেন মহানগর বিএনপির সভাপতি মোজাফফর হোসেন। তিনি জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা, দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তি ও জেলা বিএনপির নেতা-কর্মীদের নামে ‘মিথ্যা মামলা’ করে হয়রানির প্রতিবাদে আজ শনিবার জেলায় সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছাত্রদল নেতাকে গুলি করে হত্যা এবং রাজশাহীর চারঘাটে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগে মামলার’ প্রতিবাদে আগামীকাল রবি ও পরদিন সোমবার রাজশাহী বিভাগের সব জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল মনির স্বাক্ষরিত এক বিবৃতিতে এই হরতালের ডাক দেওয়া হয়।
গত রাতে পাঠানো এই বিবৃতিতে বলা হয়, গত বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বিভিন্ন এলাকায় পুলিশ-র্যা ব কর্তৃক শ খানেক বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, ছাত্রদলের নেতাকে গুলি করে হত্যা, দুজন ছাত্রনেতাকে অপহরণ করা হয়েছে। এসব ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক ও পুলিশের মহাপরিদর্শকের অপরাধীদের দেখা মাত্র গুলি করে হত্যা করার সরকারি নির্দেশের নিষ্ঠুর প্রতিফলন ঘটেছে। এ ছাড়া জেলার চারঘাট বিএনপির সভাপতিসহ সাত হাজার মানুষকে আসামি করে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আরও স্থানীয় নেতাদের গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া রবি ও সোমবার চাঁপাইনবাবগঞ্জে আলাদা করে হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি। গতকাল সকালে জেলা বিএনপির সভাপতি শাহজাহান মিয়া এ তথ্য জানান।
আর বরিশাল জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক গতকাল মুঠোফোনে জানান, বরিশাল বিভাগে কাল রোববার সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করা হবে। দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা এবং নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছে।