রংপুরে আবার ভোট গণনা চান বিএনপি প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাওসার জামান
কাওসার জামান

সদ্য অনুষ্ঠিত রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট পুনরায় গণনার জন্য নির্বাচন কমিশনে (ইসি) করা আবেদন আইন অনুসারে নিষ্পত্তির নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের ওপর রোববার আদেশের জন্য দিন রেখেছেন হাইকোর্ট।

বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এক রিটের শুনানি নিয়ে আদেশের এ দিন ধার্য করেন।

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী কাওসার জামান গতকাল বুধবার ওই রিটটি করেন। গত ২১ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনের ঘোষিত ফলাফলে তিনি পরাজিত হন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন, সঙ্গে ছিলেন আইনজীবী সানজীদ সিদ্দিকী।

পরে আইনজীবী সানজীদ সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ওই নির্বাচনে অনিয়মের অভিযোগে পুনরায় ভোট গণনা চেয়ে বাবলা গত ২৭ ডিসেম্বর ইসিতে আবেদন করেন। এ আবেদন নিষ্পত্তিতে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়। রিটে পুনরায় ভোট গণনা চেয়ে ইসিতে করা আবেদন নিষ্পত্তিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, এ মর্মে রুল চাওয়া হয়েছে। আইন অনুসারে পুনরায় ভোট গণনা চেয়ে করা আবেদনটি নিষ্পত্তির নির্দেশনা চাওয়া হয়েছে। আর রুল হলে তা বিচারাধীন থাকা অবস্থায় নির্বাচনের গেজেট প্রকাশ স্থগিত চাওয়াও হয়েছে রিটে। প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব, রংপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারকে রিটে বিবাদী করা হয়েছে।