রংপুরে এরশাদ, দলে দুই পক্ষে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদকে স্বাগত জানানো নিয়ে দলের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রংপুর শহরের আর কে রোডের দর্শনা মোড়ে এরশাদের বাড়ি পল্লী নিবাসের সামনে এ ঘটনা ঘটে। 
সংঘর্ষের সময় দুটি মাইক্রোবাস ও প্রথম আলোর আলোকচিত্রী মঈনুল ইসলামের মোটরসাইকেলসহ চারটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।
গত ১০ সেপ্টেম্বর এরশাদের গণমাধ্যম ও রাজনীতিবিষয়ক সচিব সুনীল শুভরায় স্বাক্ষরিত এক পত্রে জেলা ও মহানগর জাতীয় পার্টির কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়। বিলুপ্ত দুই কমিটিরই সভাপতি ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা। একই সঙ্গে সভাপতিমণ্ডলীর সদস্যপদ থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও জাপার একাধিক সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে ১০টায় এরশাদ হেলিকপ্টারে করে রংপুর স্টেডিয়াম যান। এ সময় মসিউর রহমান রাঙ্গার নেতৃত্বে একটি পক্ষ এবং সদ্য ঘোষিত নতুন জেলা কমিটির সদস্যসচিব, সাবেক সাংসদ ও এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ারের নেতৃত্বে আরেকটি পক্ষ তাঁকে স্বাগত জানাতে যায়। সেখানে দুই পক্ষের কথা-কাটাকাটির পর ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে দুই পক্ষই গাড়িবহর নিয়ে এরশাদের বাড়ি পল্লী নিবাসের উদ্দেশে রওনা দেয়।
বেলা ১১টার দিকে বাড়িতে প্রবেশের আগ মুহূর্তে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ বাধে। একপর্যায়ে নেতা-কর্মীরা দুটি মাইক্রোবাস ও চারটি মোটরসাইকেল ভাঙচুর করেন। আধা ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। বিভিন্ন বেসরকারি ক্লিনিকে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দুপুর ১২টা পর্যন্ত আর কে রোডে যান চলাচল বন্ধ ছিল।
সংঘর্ষের কারণে এরশাদ স্টেডিয়াম থেকে পল্লী নিবাসে না গিয়ে তাঁর পৈতৃক বাড়ি শহরের নিউ সেনপাড়ার স্কাইভিউতে যান। পরিস্থিতি শান্ত হলে বেলা দুইটার দিকে তিনি পল্লী নিবাসে যান।
মহানগর নতুন কমিটির সদস্যসচিব এস এম ইয়াসির বলেন, বিলুপ্ত কমিটির লোকজন তাঁদের নেতা-কর্মীদের রংপুর স্টেডিয়ামে লাঞ্ছিত করেছেন। পল্লী নিবাসের সামনে তাঁরাই হামলা চালিয়েছেন।
জেলা ও মহানগর জাপার বিলুপ্ত কমিটির সভাপতি এবং পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, নতুন কমিটির লোকজনই গাড়ি ভেঙেছে। এ ছাড়া স্যারকে (এরশাদ) নিয়ে পল্লী নিবাসে যাওয়ার পথে তারাই (নতুন কমিটি) প্রথম হামলা চালিয়েছে। পরে তিনি নিজের সমর্থনের লোকদের দলীয় কার্যালয়ে যেতে বললে পরিস্থিতি শান্ত হয়।
বিকেল পাঁচটা পর্যন্ত এরশাদ শহরের সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয়ে যাননি। তিনি পল্লী নিবাসের খোলা স্থানে দলীয় নেতা-কর্মীদের নিয়ে কর্মিসভা করেন। জেলা ও মহানগর নতুন কমিটির নেতৃত্বে নেতা-কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন জেলা জাপার সভাপতি সাবেক সাংসদ মোফাজ্জল হোসেন। আরও বক্তব্য রাখেন জেলা জাপার সদস্যসচিব আসিফ শাহরিয়ার, মহানগর জাপার আহ্বায়ক ও সদস্যসচিব যথাক্রমে মোস্তাফিজার রহমান ও এস এম ইয়াসির প্রমুখ।
এরশাদ তাঁর বক্তৃতায় বলেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী বিএনপি হতে পারে, আওয়ামী লীগ হতে পারে, কিন্তু রাঙ্গা কখনো হতে পারে না।’ তবে তিনি আরও বলেন, নতুন কমিটির কোনো পরিবর্তন হবে না।
এই কর্মিসভায় প্রতিমন্ত্রী রাঙ্গাসহ বিলুপ্ত কমিটির কেউ ছিলেন না।
প্রসঙ্গত, নতুন কমিটি ঘোষণার পরও জাতীয় পার্টির (জাপা-এরশাদ) দলীয় কার্যালয় বিলুপ্ত কমিটির নিয়ন্ত্রণেই আছে। নতুন কমিটির কার্যক্রম চলছে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের নিউ সেনপাড়ার পৈতৃক নিবাসের একটি অংশ ‘লাঙ্গল’ ভবন থেকে।