রংপুরে কাল সকাল-সন্ধ্যা হরতাল
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তি ও জেলা বিএনপির নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা করে হয়রানির প্রতিবাদে আগামীকাল শনিবার রংপুরে সকাল-সন্ধ্যা হরতালের ডেকেছে জেলা বিএনপি।
আজ শুক্রবার বিকেলে জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ হরতালের ডাক দেন মহানগর বিএনপির সভাপতি মোজাফফর হোসেন।
সংবাদ সম্মেলনে মোজাফফর হোসেন বলেন, ‘সরকার আমাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। মহাসচিবকে আটকে রাখা হয়েছে। সভা-সমাবেশ-মিছিল করতে দেওয়া হচ্ছে না। নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে পুলিশ হয়রানি করছে। এসবের প্রতিবাদে আমরা আগামীকাল রংপুর জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করব। ’ বিএনপিসহ ২০ দলের নেতা-কর্মীদের শান্তিপূর্ণভাবে এ হরতাল পালনের আহ্বান জানান তিনি।