রংপুরে চার উপজেলায় ছাত্রলীগের কমিটি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে আট উপজেলার মধ্যে চার উপজেলায়ই ছাত্রলীগের কমিটি নেই। এক উপজেলায় তিন বছর ধরে একটি আহ্বায়ক কমিটি রয়েছে। এদিকে ১৪ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠনের ছয় মাস পার হলেও এখনো পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হয়নি। এসব নানা কারণে জেলা-উপজেলায় ছাত্রলীগের স্বাভাবিক কার্যক্রম ঝিমিয়ে পড়েছে বলে মাঠপর্যায়ের নেতা-কর্মীদের অভিযোগ।
দলীয় সূত্র জানায়, ২০১৪ সালের ৮ ডিসেম্বর রংপুরে জেলা ছাত্রলীগের কাউন্সিল অনুষ্ঠিত হলেও কোনো কমিটি ঘোষণা করা হয়নি। কাউন্সিলের পরদিন ৯ ডিসেম্বর কেন্দ্র থেকে এক বছর মেয়াদি ১৪ সদস্যবিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়। এরমধ্যে ছয় মাস পেরিয়ে গেলেও এখনো পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হয়নি।
জেলা ছাত্রলীগ সূত্রে জানা যায়, সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে স্থবিরতা ও কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় গত ১০ জুন জেলার পীরগঞ্জ ও কাউনিয়া উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। মিঠাপুকুর উপজেলায় বিগত দুই বছর থেকে কমিটি নেই। কমিটি নেই বদরগঞ্জ উপজেলায়ও। গঙ্গাচড়ায় তিন বছর ধরে রয়েছে আহ্বায়ক কমিটি। পূর্ণাঙ্গ কমিটি রয়েছে শুধু তারাগঞ্জ, পীরগঞ্জ ও সদর উপজেলায়।
বিলুপ্ত হওয়া পীরগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক (সাবেক) মিথুন চন্দ্র সাহা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের না জানিয়ে কমিটি বিলুপ্ত করা হয়েছে। এ ছাড়াও সংগঠনের কার্যক্রম পরিচালনা করতে একটি আহ্বায়ক কমিটি গঠন করা যেতে পারত। সেটিও করা হয়নি।’
কাউনিয়া উপজেলা বিলুপ্ত ছাত্রলীগের নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রনেতা বলেন, কমিটি বিলুপ্ত করতে হলে আগের কমিটির নেতা-কর্মীদের জানাতে হবে। কিন্তু এ ক্ষেত্রে তা করা হয়নি। তাই উপজেলায় এ নিয়ে কর্মীদের মধ্যে অসন্তোষ রয়েছে।
এদিকে ঝিমিয়ে পড়া জেলা ও উপজেলা ছাত্রলীগের গতি ফিরিয়ে আনতে সাবেক ছাত্রনেতারাও মাঠে নেমেছেন। ছাত্রলীগের সাবেক সভাপতি শাহীনুর রহমান সোহেল বলেন, ‘এখন ছাত্রদের মধ্যে আগের মতো উৎসাহ-উদ্দীপনা নেই। এরপরও আমরা কাজ করছি।’
জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান বলেন, ‘আশা করি ঈদের পরেই পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হবে।’ তিনি আরও বলেন, সাবেক ছাত্রনেতাদের সহযোগিতায় ছাত্রলীগের মাঠপর্যায়ে ঝিমিয়ে পড়া নেতা-কর্মীদের নিয়ে খুব শিগগিরই কাউন্সিল করে কয়েকটি উপজেলার কমিটি গঠন করা হবে।