রংপুরে জাতীয় পার্টির দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০
জাতীয় পার্টির সদ্যবিলুপ্ত এবং নতুন জেলা ও মহানগর কমিটির নেতা-কর্মীদের মধ্যে আজ শনিবার দুপুরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৩০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শহরের পাবলিক লাইব্রেরি মাঠে দুই পক্ষের সমাবেশ ডাকাকে কেন্দ্র করে সেখানে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। এ কারণে আজ সকাল থেকে নতুন জেলা ও মহানগর কমিটির নেতা-কর্মীরা এরশাদের পৈতৃক নিবাস শহরের নিউ সেনপাড়ার বাড়িতে অবস্থান নেন। অন্যদিকে বিলুপ্ত জেলা ও মহানগর কমিটির নেতা-কর্মীরা সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ে অবস্থান নেন। দুপুর ১২টার দিকে নতুন কমিটির নেতা-কর্মীরা মিছিল বের করে শাপলা চত্বর এলাকায় গেলে বিলুপ্ত কমিটির নেতা-কর্মীরা তাঁদের লক্ষ্য করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন নেতা-কর্মী আহত হন। আহত ব্যক্তিরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বেলা পৌনে একটার দিকে শাপলা চত্বরে নতুন কমিটির নেতা-কর্মীরা সমাবেশ করেন।
নতুন জেলা কমিটির সদস্যসচিব দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ার সাংবাদিকদের বলেন, ‘পাবলিক লাইব্রেরিতে সমাবেশের জন্য আমরা আগেই জেলা প্রশাসনের অনুমতি নিয়েছিলাম। সমাবেশ বানচাল করতে বিলুপ্ত কমিটি একই স্থানে সমাবেশ ডাকে।’ সংঘর্ষের বিষয়ে তিনি বলেন, ‘আমরা শহরে শান্তিপূর্ণ মিছিল বের করি। বিলুপ্ত কমিটি ওই মিছিলে হামলা চালায়।’ সংঘর্ষে আহত ৩০ জনের অধিকাংশই নতুন কমিটির সমর্থক বলে দাবি করেন তিনি।
বিলুপ্ত জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম জানান, ‘নিয়ম অনুযায়ী কাউন্সিলের মাধ্যমে জেলা ও মহানগর কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু সম্পূর্ণ অনিয়মতান্ত্রিকভাবে কেন্দ্র থেকে এই কমিটি বাতিল করা হয়। আমরা এই কমিটি পুনর্বহালের দাবিতে সমাবেশ ডাকি।’ প্রতিপক্ষের নেতা-কর্মীদের ওপর হামলার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, ‘আমাদের কেউ হামলায় জড়িত নন।’
পুলিশের রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জাতীয় পার্টির কার্যালয়সহ গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
একই স্থানে সমাবেশ ডাকাকে কেন্দ্র করে গতকাল রাত ১২টার দিকে আজ সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রংপুর পাবলিক লাইব্রেরি মাঠ ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।
গত বৃহস্পতিবার জাতীয় পার্টির নতুন জেলা ও মহানগর কমিটি পাবলিক লাইব্রেরি মাঠে আজ বেলা ১১টায় সমাবেশ ডাকে। বিলুপ্ত কমিটির পক্ষ থেকেও একই সময়ে পাবলিক লাইব্রেরি মাঠে সমাবেশের ডাক দেওয়া হয়।