রংপুরে জাপার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর শহরে গতকাল শনিবার জাতীয় পার্টির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হন। এরশাদপন্থী নবগঠিত জেলা ও মহানগর কমিটি এবং বিলুপ্ত কমিটির নেতা-কর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয়।
দলীয় সূত্রে জানা যায়, নবগঠিত জেলা ও মহানগর কমিটি রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে গতকাল বেলা ১১টায় সমাবেশের ঘোষণা দেয় গত বৃহস্পতিবার। এরপর একই স্থানে একই সময় পাল্টা সমাবেশ ডাকে বিলুপ্ত কমিটি। এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ গতকাল সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সমাবেশস্থল ও এর আশপাশ এলাকায় ১৪৪ ধারা জারি করেন। গতকাল সকালে এ আদেশ মাইকযোগে প্রচার করা হয়। এরপর কোনো পক্ষই আর মাঠে নামেনি। নবগঠিত জেলা ও মহানগর কমিটির নেতা-কর্মীরা এরশাদের পৈতৃক নিবাস শহরের নিউ সেনপাড়ার বাড়ি এবং বিলুপ্ত কমিটি শহরের সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয়ে অবস্থান নেয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল দুপুর ১২টার দিকে এরশাদের বাড়ি থেকে নবগঠিত কমিটির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের শাপলা চত্বরে পৌঁছালে কয়েকটি ককটেল ফাটানো হয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। প্রায় ১৫ মিনিট ধরে চলা এ সংঘর্ষে ইটপাটকেল নিক্ষেপে উভয় পক্ষের প্রায় ৩০ জন আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
পরে বেলা একটার দিকে শাপলা চত্বরে নতুন কমিটি সংক্ষিপ্ত সমাবেশে করে। সেখানে বক্তব্য দেন জেলা কমিটির আহ্বায়ক সাবেক সাংসদ মোফাজ্জল হোসেন, সদস্যসচিব সাবেক সাংসদ ও এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ার, মহানগর কমিটির আহ্বায়ক মোস্তাফিজার রহমান ও সদস্যসচিব এস এম ইয়াসির।
বেলা দেড়টার দিকে বিলুপ্ত কমিটি জাতীয় পার্টি কার্যালয় থেকে একটি মিছিল বের করলে পরিস্থিতি আবার উত্তেজনাকর হয়ে ওঠে। তখন পুলিশ মিছিলকারীদের পায়রা চত্বরের কাছে আটকে দিলে পরিস্থিতি শান্ত হয়।
সংঘর্ষের ব্যাপারে নতুন জেলা কমিটির সদস্যসচিব ও এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ার সাংবাদিকদের বলেন, তাঁদের শান্তিপূর্ণ সমাবেশ বানচাল করতে একটি পক্ষ পাল্টা সমাবেশ ডাকে। সংঘর্ষ এড়াতে পরবর্তী সময়ে বিক্ষোভ মিছিল বের করলে সেই মিছিলের ওপরও ককটেল হামলা চালানো হয়।
তবে হামলার কথা অস্বীকার করে বিলুপ্ত জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম বলেন, কাউন্সিলের মাধ্যমে জেলা ও মহানগর কমিটি গঠিত হলেও তা ভেঙে দেওয়া হয়েছে। তাই জেলা ও মহানগর কমিটি পুনর্বহাল এবং সভাপতিমণ্ডলীর সদস্যপদ থেকে বাদ দেওয়া স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাকে পুনরায় পদে বহালের দাবিতে সমাবেশ ডাকা হয়। কমিটি পুনর্বহাল না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে জাতীয় পার্টির কার্যালয়সহ গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।
১০ সেপ্টেম্বর দলীয় চেয়ারম্যান এইচ এম এরশাদের গণমাধ্যমবিষয়ক সচিব সুনীল শুভ রায় স্বাক্ষরিত এক পত্রে জেলা ও মহানগর জাতীয় পার্টির কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়। সেই সঙ্গে সভাপতিমণ্ডলীর সদস্যপদ থেকে মসিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেওয়া হয়। তিনি ওই দুই কমিটির সভাপতি ছিলেন।