রংপুরে জাপার পাল্টাপাল্টি মামলা
রংপুরে জাতীয় পার্টির (জাপা) বিবদমান দুটি পক্ষ আদালতে পাল্টাপাল্টি মামলা করেছে। গত শুক্রবার রাতে কোতোয়ালি থানায় মামলা দুটি নথিভুক্ত করা হয়।
মামলা দুটির বিষয় নিশ্চিত করে রংপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। তবে গতকাল রোববার পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা বলেন, আসামিদের গ্রেপ্তার না করতে একবার প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, আরেকবার সাবেক রাষ্ট্রপতি এরশাদ পুলিশকে ফোন দিচ্ছেন। এ অবস্থায় পুলিশ পড়েছে বিপাকে।
নতুন মহানগর কমিটির সদস্যসচিব এস এম ইয়াসির সকালে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, পুলিশ গত দুই রাতে তাঁর বাড়িতে অভিযান চালিয়েছে। তিনি তখন বাড়িতে ছিলেন না।
পুলিশ জানায়, ঈদুল আজহার আগে এরশাদের উপস্থিতিতে জাতীয় পার্টির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। সেই ঘটনায় জেলা ছাত্রসমাজের সাংগঠনিক সম্পাদক মো. দ্বীপ নতুন জেলা ও মহানগর কমিটির সদস্যসচিব মোস্তাফিজার রহমান ও এস এম ইয়াসিরসহ ১৮ জনকে আসামি করে সোমবার আদালতে মামলা করেন। একই ঘটনায় জেলা জাতীয় পার্টির সদস্যসচিব ও এরশাদের ভাতিজা সাবেক সাংসদ আসিফ শাহরিয়ার জেলা কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলমসহ ১৭ জনকে আসামি করে আরেকটি মামলা করেন বুধবার। আদালতের নির্দেশে শুক্রবার রাতে মামলা দুটি নথিভুক্ত করা হয়।
এদিকে জাপার চেয়ারম্যান এরশাদ তিন দিনের সফরে শনিবার রংপুরে এলেও গতকাল রাত পর্যন্ত দলীয় কার্যালয়ে যাননি। এমনকি নতুন কমিটির নেতা-কর্মীরা এখেনা দলীয় কার্যালয়ে যেতে পারেননি। বিলুপ্ত কমিটির নিয়ন্ত্রণেই রয়েছে দলীয় কার্যালয়। তাঁরা শনিবার সংবাদ সম্মেলন করে সভাপতিমণ্ডলীর সদস্যপদে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমানকে পুনর্বহালের দাবি জানিয়েছেন।
গত ১০ সেপ্টেম্বর এরশাদের গণমাধ্যম ও রাজনীতিবিষয়ক উপদেষ্টা সুনীল শুভরায় স্বাক্ষরিত বিবৃতিতে মহানগর ও জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এই দুই কমিটির সভাপতি ছিলেন মসিউর। জাপার সভাপতিমণ্ডলী থেকেও তাঁকে অব্যাহতি দেওয়া হয়।