রংপুরে জাপার সকাল সন্ধ্যা হরতাল আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর নগরে আজ বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে জাতীয় পার্টি। মহানগর জাতীয় পার্টির সদস্যসচিব এস এম ইয়াসিরকে কুপিয়ে জখম করার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে এ কর্মসূচি পালন করা হবে। হরতালে সমর্থন জানিয়েছেন দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
হরতালের সমর্থনে শহরে মাইকে করে প্রচার চালানো হয়েছে। সেই সঙ্গে মঙ্গলবার রাতে শহরে বিক্ষোভ মিছিল করেছেন নেতা-কর্মীরা। হরতাল সফল করতে গতকাল বুধবার সকালে শহরের সেন্ট্রাল রোডে অবস্থিত দলীয় কার্যালয়ে যৌথ সভা করে জেলা ও মহানগর জাতীয় পার্টি।
মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে সভায় জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোফাজ্জল হোসেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ নূর আহমেদ, যুবনেতা আমিনুল ইসলাম, শ্রমিক নেতা ইব্রাহিম পণ্ডিত প্রমুখ উপস্থিত ছিলেন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জাপা নেতা ইয়াসির এখনো নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। কর্তব্যরত চিকিৎসক বিডি বিধু বলেন, তাঁর মাথায় গুরুতর জখম হয়েছে। চিকিৎসা চলছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, এ ঘটনায় মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান হত্যাচেষ্টার মামলা করেছেন। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গত শুক্রবার জুমার নামাজ পড়ে মুন্সিপাড়া কবরস্থানে বাবার কবর জিয়ারত করতে যান জাপা নেতা ইয়াসির। জিয়ারত শেষে মোটরসাইকেল করে বাসায় ফেরার পথে কবরস্থানের সামনে তাঁর ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। তাঁকে কুপিয়ে জখম করা হয়।