রংপুরে জীবনযাত্রা স্বাভাবিক, বিরোধী নেতারা বাড়িছাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরেজমিন: রাজনৈতিক অস্থিরতার প্রভাব
সরেজমিন: রাজনৈতিক অস্থিরতার প্রভাব

গাইবান্ধা থেকে রংপুরের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার। কিন্তু রংপুর শহরে ঢুকে মনে হলো শহর দুটির পরিবেশের দূরত্ব এর চেয়ে ঢের বেশি। গত রোববার বেলা দেড়টায় গাইবান্ধা থেকে বিআরটিসির বাসে রওনা দিয়ে রংপুরে পৌঁছানো গেল তিনটার দিকে। যেন তন্দ্রাচ্ছন্ন জগৎ থেকে চেতনার চাঞ্চল্যে আসা গেল।
গাইবান্ধায় অবরোধ-হরতালের প্রভাব কমে এলেও, দোকানপাট খুললেও, কিছু কিছু যানবাহন চললেও, সেখানকার জীবনযাত্রা এখনো মন্থর। বিকেল থেকেই শহরটি নিষ্প্রাণ হয়ে পড়ে। দোকানের ঝাঁপগুলো বন্ধ হতে থাকে সন্ধ্যার পর পরই।
রংপুরের পরিস্থিতি ভিন্ন। বাস থেকে শহরের মডার্ন মোড়ে নেমে দেখা গেল প্রচুর ব্যাটারিচালিত অটো, রিকশা, মোটরসাইকেল, গাড়ি চলছে। কাজ চলছে শহরে প্রবেশের পথটি প্রশস্ত করার। দোকানপাট খোলা। জাহাজ কোম্পানির মোড়ে সেই প্রতিদিনের যানজট। ফুটপাতে হরেক রকমের পণ্যের পসরা। বিকেলের স্কুলফেরতা পড়ুয়াদের ঝাঁক পথে পথে। সন্ধ্যায় টাউন হল চত্বরে দেখা গেল সাংস্কৃতিক কর্মীদের আড্ডা, গান-নাটকের মহড়া।
রংপুর সাংস্কৃতিক গোষ্ঠীর সাধারণ সম্পাদক মাকসুদার রহমান জানালেন, সাংস্কৃতিক অনুষ্ঠানাদি বরাবরের মতোই চলছে। গত শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিল্পকলা একাডেমী মিলনায়তনে উদীচীর আয়োজনে রংপুর বিভাগের আট জেলার গণসংগীত প্রতিযোগিতা, সন্ধ্যায় শহীদ মিনারে রংপুর সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজনে কালজয়ী শিল্পীদের স্মরণে সংগীতানুষ্ঠান, টাউন হলে গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান হয়েছে। কদিন আগেই হয়েছে গ্রুপ থিয়েটার ফেডারেশনের দুই দিনের নাট্যোৎসব। ধাপ এলাকায় শাশ্বত বাংলা মুক্তিযুদ্ধ জাদুঘরে চলছে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানমালা। সন্ধ্যায় সেখানেও দেখা গেল শিশু, নারী-পুরুষের যথেষ্ট সমাগম। শহর ঘুরে বিশেষ কোনো ছন্দপতন নজরে পড়ল না।
লোকজনের কথায় ধারণা হলো, রংপুর শহরের প্রাত্যহিক জনজীবনযাত্রায় এবার হরতাল-অবরোধের তেমন প্রভাব পড়েনি। গত জানুয়ারির প্রথমার্ধে কয়েক দিন কিছু কিছু দোকানপাট বন্ধ ছিল। তারপর থেকেই শহরের স্বাভাবিক ছন্দ ফিরে এসেছে। শহরবাসী খুব যে ভয়ে আছেন তা-ও নয়। তবে মনে এক রকমের অস্বস্তির ভাব।
সাবেক রংপুর পৌরসভার চেয়ারম্যান ও জেলা দোকান মালিক সমিতির সভাপতি কাজী মো. জুননুন সোমবার প্রথম আলোকে বললেন, ‘রংপুরে এখন জীবনযাত্রা স্বাভাবিকই বলা যায়। ভয়-আতঙ্ক বিশেষ নেই। দূরপাল্লা­র বাস-ট্রাক চলাচল বিঘ্নিত হওয়ায় মালামাল পরিবহন এবং রাজধানীর সঙ্গে যোগাযোগে সমস্যা সৃষ্টি হয়েছিল। তবে তা ধীরে ধীরে কেটে যাচ্ছে। ট্রাকের ভাড়া একটু বেশি। স্বাভাবিক সময়ে ঢাকার ট্রাক ভাড়া সাত হাজার টাকা ছিল। হরতালের মধ্যে ভাড়া উঠেছিল ১৫ হাজার টাকা পর্যন্ত। এখন ৯ থেকে ১০ হাজার টাকায় নেমে এসেছে। এটা আমরা মেনে নিয়েছি। মালামাল সরবরাহ পর্যাপ্ত আছে। কিন্তু বিক্রি বেশ কমে গেছে। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।’
রংপুর শহরে বড় কোনো নাশকতা না ঘটলেও চলমান অবরোধ-হরতালে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার সূচনা হয় এই জেলাতেই। ১৩ জানুয়ারি মিঠাপুকুর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কের ফতেপুর বাতাসন এলাকায় ঢাকাগামী বাস খলিল এন্টারপ্রাইজে পেট্রলবোমা হামলায় আটজন নিহত হন। বাসটি আসছিল কুড়িগ্রাম থেকে। নিহত ব্যক্তিরা সবাই কুড়িগ্রামের। এই হামলা বেশ আতঙ্ক সৃষ্টি করেছিল। তবে তার রেশ কেটেছে। এ ছাড়া পুরো জেলায় গোটা পাঁচেক যানবাহনে হামলার ঘটনা ঘটেছে। বোমা তৈরি করতে গিয়ে সর্বশেষ ১০ মার্চ বিস্ফোরণে আহত হয়েছে বিপ্লব মিয়া নামের এক যুবক। পুলিশের ভাষ্য, বিপ্লব যুবদলের কর্মী।
এই জেলায় লোকজন গ্রেপ্তার হয়েছে ব্যাপক। জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে ২১ মার্চ পর্যন্ত জেলায় মোট গ্রেপ্তার ব্যক্তির সংখ্যা ৫১৪ জন। এঁদের মধ্যে জামায়াতের নেতা-কর্মী ৩৫০ ও বিএনপির ১৬৪ জন। নিয়মিতই চলছে পুলিশ ও যৌথ বাহিনীর অভিযান।
গ্রেপ্তার এড়াতে জেলা ও মহানগর বিএনপি-জামায়াতের নেতারা বাড়িছাড়া। দুটি দলেরই কার্যালয় বন্ধ। বেশির ভাগ নেতার মুঠোফোনই বন্ধ। বহুবার চেষ্টা করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও মহানগর শাখার সহসম্পাদক মাহফুজ-উন-নবীকে পাওয়া গেল ফোনে। তাঁরা জানালেন, যেভাবে ফোন কল রেকর্ড এবং ট্রেস করা হচ্ছে, তাতে ফোনটাও তাঁরা ব্যবহার করছেন ‘টেকনিক্যালি’। অফিসের দেখভাল করার লোক ছাড়া আপাতত কেউ দলীয় কার্যালয়ে যাচ্ছেন না। অধিকাংশ নেতা-কর্মীর নামেই মামলা। যাঁদের নামে মামলা নেই তাঁরাও কোনো কর্মসূচি পালন করতে পারছেন না। রংপুর শহরে তো নয়ই, উপজেলা পর্যায়েও একই অবস্থা।
জামায়াত নেতাদের কাউকে ফোনেও পাওয়া যায়নি।
শহরের পরিস্থিতি, বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেপ্তারের অভিযোগ সম্পর্কে জেলার পুলিশ সুপার আবদুর রাজ্জাক প্রথম আলোকে জানান, রংপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। নিয়মিত পুলিশি অভিযান চলছে। মিঠাপুকুরে নাশকতার মামলার আসামি ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিএনপির কর্মীদের বাড়িতে অভিযানের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ‘যাঁদের নামে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা আছে পুলিশ তাঁদের গ্রেপ্তারের জন্য যাচ্ছে। নিরপরাধ কাউকে হয়রানি করার ঘটনা এখানে ঘটেনি।’