রংপুরে বড় তিন দলের তিন ধরনের চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র সরফুদ্দীন আহমেদ। গতকাল শনিবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভায় এ মনোনয়ন দেওয়া হয়। জাতীয় পার্টি গত মার্চ মাসেই মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। বড় দলগুলোর মধ্যে বিএনপি এখনো দলীয় প্রার্থী ঘোষণা করেনি।

কেন্দ্রীয় ও স্থানীয় রাজনৈতিক সূত্রগুলো বলছে, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বড় তিন রাজনৈতিক দলের জন্য তিন ধরনের চ্যালেঞ্জ দেখা দিয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগে প্রার্থীর ছড়াছড়ি হওয়ায় দলীয় কোন্দল দেখা দিয়েছে। গৃহবিবাদ মেটাতে না পারলে জেতা কঠিন হয়ে পড়বে। আর রংপুর জাতীয় পার্টির ঘাঁটি—এটা প্রমাণে জিততে মরিয়া এইচ এম এরশাদের দল। এ জন্য সবার আগে প্রার্থী ঘোষণা করে মাঠে আছে তারা। সারা দেশের মতো রংপুরেও বিএনপিকে কোণঠাসা করে রাখা হয়েছে—এমন অভিযোগ দলটির নেতাদের। এ জন্য তাঁদের তৎপরতা অন্যদের তুলনায় কম। তবে দলটির নেতারা বলছেন, তাঁরা নীরব প্রচারে আছেন।

আগামী ২১ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনে ভোট অনুষ্ঠিত হবে। এবার সেখানে দলীয় প্রতীকে ভোট হবে। সরকারি দল আওয়ামী লীগ রংপুরসহ আসন্ন ছয় সিটি করপোরেশন নির্বাচনকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে নিয়েছে। আগামী বছরের মার্চ-এপ্রিলে গাজীপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচন হতে পারে।

আওয়ামী লীগের মনোনয়ন পেতে ১৬ জন প্রার্থী ফরম জমা দিয়েছিলেন। এর মধ্য থেকে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মনোনয়ন বোর্ড সরফুদ্দীনকেই বেছে নেয়। এ সময় রংপুর জেলা আওয়ামী লীগের নেতা ও স্থানীয় সাংসদেরাও ছিলেন। তাঁদের উপস্থিতিতে দলীয় ফরম সংগ্রহ করা সম্ভাব্য প্রার্থীদেরও বক্তব্য শোনা হয়। এরপর সরফুদ্দীনকে মনোনয়ন দিয়ে অন্যদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দেন দলীয় প্রধান শেখ হাসিনা।

জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের বাড়ি রংপুরে। এই জেলাকে দলটির ঘাঁটি বিবেচনা করা হয়। সিটি করপোরেশন নির্বাচনে জেতার লক্ষ্যে গত মার্চেই এরশাদ জাতীয় পার্টির প্রার্থী হিসেবে দলটির মহানগর সভাপতি মুস্তাফিজুর রহমানের নাম ঘোষণা করেন। তিনি ২০১২ সালের সিটি নির্বাচনেও জাতীয় পার্টির প্রার্থী হিসেবে দ্বিতীয় হয়েছিলেন। এবার এরশাদের ভাইয়ের ছেলে হোসেন মকবুল শাহরিয়ারও মনোনয়নপত্র ক্রয় করেছেন।

জাতীয় পার্টির সূত্র জানায়, এবার দলীয় প্রতীকে ভোট হবে বলে জাতীয় পার্টি ব্যাপক আশাবাদী। কারণ পুরো রংপুরেই লাঙ্গল প্রতীকের আবেদন আছে। এ ছাড়া ক্ষমতাসীন আওয়ামী লীগে কোন্দল রয়েছে। যাঁকেই মনোনয়ন দেওয়া হোক, বিরোধিতা হবে। এতে সবচেয়ে বেশি লাভবান হবে জাতীয় পার্টি।

জানতে চাইলে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য এবং পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান প্রথম আলোকে বলেন, মকবুল শাহরিয়ার প্রার্থী থাকুক না থাকুক—এটা তাঁদের ধর্তব্যের মধ্যেই নেই। কারণ, তার কোনো ভোট নেই। এবার তাঁরা এই নির্বাচনে জয়ের জন্য সর্বাত্মক শক্তি নিয়োগ করেছেন।

বিএনপির তিনজন সম্ভাব্য প্রার্থী প্রচারে আছেন। তাঁরা হলেন মহানগর বিএনপির সভাপতি মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ও সহসভাপতি কাউছার জামান। গত নির্বাচনেও কাউছার বিএনপির সমর্থনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

জানতে চাইলে কাউছার জামান প্রথম আলোকে বলেন, আজ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ শেষেই দল রংপুরের প্রার্থী মনোনয়নে তৎপর হবে। তিনি বলেন, সরকারি দলের লোকজন সকাল-বিকেল মিছিল-শোডাউন করছে। কিন্তু তাঁরা নামতে গেলেই নানাভাবে বাধা, ভয়ভীতি দেখানো হয়। এ জন্য তাঁরা নীরবেই প্রচার চালাচ্ছেন।

২০১২ সালের নির্বাচন দলীয় প্রতীকে না হলেও প্রতিটি বড় রাজনৈতিক দল প্রার্থী সমর্থন করেছিল। জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সরফুদ্দীন আহমেদ বিদ্রোহী প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন। তিনি এর আগে জাতীয় পার্টির রাজনীতিও করেছেন। ওই নির্বাচনে তৃতীয় হয়েছিলেন জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী আবদুর রউফ। আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত প্রার্থীরা তাঁদের চেয়ে অনেক পিছিয়ে ছিলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে এ টি এম গোলাম মোস্তফাও মাঠে বেশ তৎপর।

বিএনপির অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, ‘আমাদের ওপর সারা দেশে যেভাবে নির্যাতন-নিপীড়ন চলছে, তাতে আমরা স্বাভাবিক কার্যক্রম চালাতে পারছি না। তবে রংপুরের কমিটিকে এ বিষয়ে মতামত দিতে নির্দেশ দিয়েছি। আশা করি, আগামী কয়েক দিনের মধ্যে সিদ্ধান্ত দিতে পারব।’

ইভিএম-সিসিটিভি থাকছে, সেনা মোতায়েন নিয়ে আলোচনা

রংপুর সিটি নির্বাচনে একটি ওয়ার্ডে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ ও কিছু ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে কোন ওয়ার্ডে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হবে ও কোন কোন কেন্দ্রে সিসিটিভি বসানো হবে, এ সিদ্ধান্ত এখনো নেয়নি ইসি। মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে তা ঠিক করা হবে বলে কমিশন সূত্র জানিয়েছে।

এই নির্বাচনে সেনা মোতায়েন হবে কি না, এটা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা আছে। তবে নির্বাচন কমিশন এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। সরকারি দল আওয়ামী লীগ বরাবরই নির্বাচনে সেনা মোতায়েনের বিপক্ষে। সাধারণত স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হয় না। এ জন্য সেনা মোতায়েনের সম্ভাবনা কম বলেই মনে করছেন ইসির কর্মকর্তারা।

জানতে চাইলে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার প্রথম আলোকে বলেন, কমিশনের সিদ্ধান্ত ছাড়া এ বিষয়ে তিনি কোনো ব্যক্তিগত মন্তব্য করতে চান না। তিনি আরও বলেন, রংপুরের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে অনুসরণে তাঁরা ম্যাজিস্ট্রেটদের সক্রিয় ভূমিকা পালনে বিশেষ নির্দেশনা দিয়েছেন।

এ বিষয়ে বিএনপির কাউছার জামান বলেন, তিনি সেনা মোতায়েন চান। নতুবা সরকারি দলের লোকজন জোরজবরদস্তি করতে পারে।

এ বিষয়ে জাতীয় পার্টির মসিউর রহমান বলেন, তাঁরা সেনা মোতায়েন চান না। তবে নির্বাচন কমিশন মোতায়েন করলে আপত্তি নেই।