রংপুরে রওশনের কুশপুত্তলিকা দাহ করায় গ্রেপ্তার এক
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদের কুশপুত্তলিকা দাহ করার অভিযোগে রংপুর জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি তোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার রাতে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে শহরের লালবাগ এলাকায় শ্রমিক পার্টির সভাপতি তোফাজ্জল হোসেনের নেতৃত্বে রওশন এরশাদের কুশপুত্তলিকা দাহ করা হয়। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে মহানগর যুব সংহতির সহসভাপতি আসাদুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেন। মামলায় শ্রমিক পার্টির তোফাজ্জল হোসেনসহ জাতীয় পার্টি ও জাতীয় ছাত্রসমাজের ১০ নেতা-কর্মীকে অভিযুক্ত করা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, অভিযোগ তদন্তের পর তোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।