রংপুরে রাস্তায় নামতে পারছে না বিএনপি
পুলিশি বাধায় রংপুরে গতকাল বুধবার জাতীয়তাবাদী ছাত্রদল বিক্ষোভ মিছিল করতে পারেনি। এর আগে গত সোমবার জেলা বিএনপিকেও রাজপথে নামতে দেয়নি পুলিশ।
বিএনপি সূত্রে জানা গেছে, দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে গতকাল বিক্ষোভ কর্মসূচি ডেকেছিল ছাত্রদল। এ জন্য সকাল থেকেই শহরের গ্র্যান্ড হোটেল মোড়ে অবস্থিত রংপুর জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ের সামনে পুলিশ অবস্থান নেয়। দুপুর সাড়ে ১২টার দিকে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়।
কোতোয়ালি থানার ওসি এ বি এম জাহিদুল ইসলাম বলেন, দলীয় কর্মসূচি পালন করতে চাইলে আগেই পুলিশের অনুমতি নিতে হয়। বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলো কোনো অনুমতি নেয় না। তিনি বলেন, দলীয় কর্মসূচির নামে রাস্তায় অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করলে এর দায় কে নেবে?
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ‘দলীয় কর্মসূচি পালন করা প্রতিটি রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার। কিন্তু রংপুরে আমাদের কোনো কর্মসূচি পালন করতে দিচ্ছে না পুলিশ।’