রংপুরে সর্বাত্মক হরতাল পালিত

জাতীয় পার্টির নেতা এস এম ইয়াসিরের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার রংপুর নগরে সর্বাত্মক হরতাল পালিত হয়েছে। পূর্বঘোষিত সকাল-সন্ধ্যার পরিবর্তে বেলা দুইটা পর্যন্ত এ হরতাল পালন করা হয়।
রংপুর মহানগর জাতীয় পার্টির সদস্যসচিব ইয়াসিরের ওপর হামলার ঘটনায় গত বুধবার রাতে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার তাঁদের আদালতের মাধ্যমে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
গ্রেপ্তার চারজন হলেন নগরের গণেশপুর এলাকার আকাশ মিয়া (২৫) ও রেজাউল করীম (৩৫), পালপাড়ার আমিনুল ইসলাম (২৬) এবং সাতগাড়ার নূর হোসেন (২৩)।
গতকাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে চারজনকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক।
সর্বাত্মক হরতাল: হরতালে কোনো বিপণিবিতান খোলেনি। বন্ধ ছিল কাচাবাজারসহ পাড়া-মহল্লার সব দোকানপাট। এমনকি খাবারের দোকানও খোলা হয়নি। ব্যাটারিচালিত অটোরিকশাসহ সব ধরনের যানবাহন চলাচল ছিল বন্ধ। এমনকি দূরপাল্লার বাসও চলেনি। বন্ধ ছিল রংপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেন চলাচল। তবে কিছুসংখ্যক রিকশা চলেছে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল অনেক কম। শহরের ব্যাংক-বিমাসহ আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠানগুলোও বন্ধ দেখা যায়। সরকারি দপ্তরগুলোতে চাকরিজীবীরা উপস্থিত হলেও তেমন কাজ হয়নি।
সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা গেছে, রাস্তার দুই পাশে মানুষের দীর্ঘ লাইন। হেঁটেই চলছে সবাই গন্তব্যের উদ্দেশ্যে। কিন্তু কারও কোনো বিরক্তি নেই। সবাই যেন সন্ত্রাসের বিরুদ্ধে এককাট্টা হয়েছেন।
>কোনো বিপণিবিতান খোলেনি। বন্ধ ছিল কঁাচাবাজারসহ পাড়া-মহল্লার সব দোকানপাট
শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি দপ্তরগুলোতে উপস্থিতি ছিল কম
হামলার ঘটনায় গ্রেপ্তার চারজন চার দিনের রিমান্ডে
নগরের সবচেয়ে বড় পাইকারি বাজার সিটি বাজারে গিয়ে দেখা গেল, সব দোকান বন্ধ। কাঁচা পণ্যের দোকানগুলো পলিথিন ও চট দিয়ে ঢাকা। মানুষ নেই। কোনো হাঁকডাকও নেই। কাঁচা পণ্যের দোকানি আজমল হোসেন বলেন, ‘সারা বছরই তো ব্যবসা করি। আমরা শান্তিতে থাকতে চাই। সন্ত্রাস চাই না। সন্ত্রাসের বিরুদ্ধে হরতাল দেওয়ায় আমরাও দোকানপাট বন্ধ রেখে সংহতি প্রকাশ করেছি।’
সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, রংপুর জিলা স্কুল এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সামনে সেই চিরচেনা যানবাহনের জটলা দেখা যায়নি। ছিল না অভিভাবক-শিক্ষার্থীদের ভিড়।
যে আদালত চত্বর প্রতিদিন বাদী-বিবাদী ও সাক্ষীদের পদচারণে থাকত মুখরিত, সেখানেই গতকাল ছিল যেন সুনসান নীরবতা। জ্যেষ্ঠ আইনজীবী এম এ বাশার বলেন, হরতালের কারণে বাদী-বিবাদী ও সাক্ষী আসতে না পারায় মামলাগুলোর জন্য পরবর্তী তারিখ নিতে হয়েছে।
রংপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, সেখানে কোনো ট্রেন নেই। তবে যাত্রীদের উপস্থিতি ছিল সামান্য।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাবিউর রহমান প্রধান বলেন, ‘সকালে জাহাজ কোম্পানি মোড় থেকে কাচারি বাজার পর্যন্ত এক কিলোমিটার হেঁটে বেড়িয়েছি। কোথাও রেস্তোরাঁ খোলা পাইনি।’
জনগণের স্বতঃস্ফূর্ত হরতাল দেখে এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, ‘আমাদের কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু এ হরতাল রংপুরের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে। মানুষ নিরাপত্তাহীনতায় আছে। দিনের বেলা হামলার শিকার হচ্ছে সাধারণ মানুষ।’
হরতালের সমর্থনে শহরের বিভিন্ন এলাকায় জাতীয় পার্টির পক্ষ থেকে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল বের করা হয়। মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজার রহমান বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ হরতালে জনগণ সাড়া দিয়েছে।’