রওশন ও খালেদার সঙ্গে কমনওয়েলথ মহাসচিবের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমনওয়েলথ মহাসচিব কমলেশ শর্মা গতকাল শনিবার সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। রওশন এরশাদের সঙ্গে বিকেলে তাঁর সংসদ ভবনের কার্যালয়ে এবং খালেদা জিয়ার সঙ্গে রাতে তাঁর গুলশানের কার্যালয়ে তিনি সাক্ষাৎ করেন।
বিরোধীদলীয় নেতার কার্যালয় থেকে জানানো হয়, সাক্ষাতে কমনওয়েলথ মহাসচিব বলেছেন, সংসদ হচ্ছে গণতন্ত্রের প্রাণকেন্দ্র। সংসদীয় গণতন্ত্রকে মজবুত করার ক্ষেত্রে কমনওয়েলথ সহযোগিতা অব্যাহত রাখবে।
এ সময় রওশন এরশাদের সঙ্গে জাতীয় পার্টির সাংসদ ফখরুল ইমাম, নুরুল ইসলাম, রওশন আরা মান্নান উপস্থিত ছিলেন।
এদিকে গতকাল রাত ১০টার দিকে কমনওয়েলথ মহাসচিব বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁর সঙ্গে কমনওয়েলথের ডেপুটি প্রধান সেক্রেটারি রামভেনুপ্রসাদ, কমনওয়েলথ সেক্রেটারিয়েটের (এশিয়া ও ইউরোপ) রাজনৈতিক উপদেষ্টা এলিসন পেয়ারম্যান উপস্থিত ছিলেন।
খালেদা জিয়ার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ ছিলেন। তবে সাক্ষাতের কথোপকথন সম্পর্কে কোনো পক্ষই কিছু বলেননি।