রওশন এরশাদ নয়, ভাই জি এম কাদেরই জাতীয় পার্টির (জাপা) ভবিষ্যৎ নেতা এবং এটাই চূড়ান্ত সিদ্ধান্ত বলে ঘোষণা দিয়েছেন দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ।
গতকাল সোমবার দলের তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এরশাদ এ ঘোষণা দেন। রওশন এরশাদসহ তাঁর অনুসারী নেতারা এ সভা বর্জন করেন।
রওশন এরশাদকে জাপার ১ নম্বর কো-চেয়ারম্যান বা দলের ভবিষ্যৎ নেতা করতে সংসদীয় দলের দাবি অগ্রাহ্য করে এরশাদ বলেন, ‘আমি কখনো মুক্ত মানুষ ছিলাম না, এখনো নই। কিন্তু আমি একজন যোগ্য উত্তরসূরি নির্বাচন করেছি। সে আমার ছোট ভাই। আমার বয়স হয়েছে, বেশি দিন বাঁচব না। সে দলের হাল ধরতে পারবে। জীবন থাকতে এই সিদ্ধান্ত পরিবর্তন হবে না।’
এরশাদ তাঁর স্ত্রী রওশনের উদ্দেশে বলেন, ‘যিনি জাতীয় পার্টির দায়িত্ব নিতে চান, তিনিও তো আমার মতো বয়োজ্যেষ্ঠ। আমি তাঁকে আহ্বান করব, নতুন প্রজন্মের হাতে ক্ষমতা দিয়ে দিন। আমাদের দিন শেষ হয়ে গেছে।’
এর আগে গত রোববার সন্ধ্যায় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সভাপতিত্বে জাপার সংসদীয় দল বৈঠক করে। ওই বৈঠকে সিদ্ধান্ত হয় যে রওশন এরশাদকে দলের ১ নম্বর কো-চেয়ারম্যান করা না হলে তাঁরা এ মতবিনিময় সভাসহ ভবিষ্যতে এ ধরনের কোনো সভায় অংশ নেবেন না। গত রাতে ওই সভার সিদ্ধান্ত বিজ্ঞপ্তি আকারে গণমাধ্যমে পাঠানো হয়।
সংসদীয় দলের এ সিদ্ধান্তের প্রতি ইঙ্গিত করে এরশাদ বলেন, ‘ইতিপূর্বে যারা দলের শৃঙ্খলা ভঙ্গ করেছে, তাদের অবস্থা কী হয়েছিল তা তোমরা জানো। রোববার রাতে সব জেলায় তারা আজকের এ সভায় আসতে নিষেধ করেছিল। কেউ তাদের কথা শোনেনি। সবাই এসেছে। আজ প্রমাণ হলো তাদের ফোনের কোনো মূল্য নেই।’ তিনি রওশনের উদ্দেশে বলেন, ‘আসুন, এসে দেখে যান এই সভা কেমন হচ্ছে। কারা কারা এসেছে এখানে। এমন কোনো জেলা নেই যে আসেনি।’
রাজধানীর গুলশানের একটি মিলনায়তনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় জাপার মহানগর, জেলা, উপজেলা ও পৌরসভার সভাপতি ও সাধারণ সম্পাদকেরা অংশ নেন। আগামী এপ্রিলে অনুষ্ঠেয় দলের কেন্দ্রীয় সম্মেলন ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে জাপার ৪০ জন সাংসদের (সংরক্ষিত ছয় নারী সাংসদসহ) মধ্যে এরশাদসহ পাঁচজন উপস্থিত ছিলেন। রওশন এরশাদসহ ৩৫ জন আসেননি। এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও সাংসদ সৈয়দ আবু হোসেন ও চট্টগ্রাম মহানগর সভাপতি মাহজাবিন মোরশেদসহ কক্সবাজার, বগুড়া, সুনামগঞ্জ জেলার সভাপতি-সম্পাদকেরা সভায় অংশ নেননি বলে জানা গেছে।
মতবিনিময় সভায় সূচনা বক্তব্য দেন জাপার কো-চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার। সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সালমা ইসলাম, এম এ সাত্তার, সাইদুর রহমান, এস এম ফয়সল চিশতি, এম এ মান্নান, সোলাইমান আলম শেঠ, মাহমুদুল ইসলাম, মহসিন রশিদ, তাজ রহমান, মাসুদ পারভেজ (সোহেল রানা), এম এ কাশেম ও গোলাম কিবরিয়া।