রওশনকে কো-চেয়ারম্যান করার আহ্বান জাপার সংসদীয় কমিটির
রওশন এরশাদকে দলের এক নম্বর কো-চেয়ারম্যান করতে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের প্রতি আবারও আহ্বান জানিয়েছে জাতীয় পার্টির (জাপা) সংসদীয় কমিটি। আজ বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদের জনসংযোগ কর্মকর্তার স্বাক্ষরে এ বিবৃতিতে পাঠানো হয়।
বিবৃতিতে সংসদীয় কমিটি দাবি করে, জাতীয় পার্টির চেয়ারম্যান গত ২০ জানুয়ারি সংসদীয় দলের সভায় রওশন এরশাদকে এক নম্বর কো-চেয়ারম্যান করার কথা দিয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয় আজ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।
বিবৃতিতে বলা হয়, হুসেইন মুহাম্মদ এরশাদ কোনো আলোচনা ছাড়াই গত ১৭ জানুয়ারি তাঁর ছোট ভাই জি এম কাদেরকে দলের কো-চেয়ারম্যানের দায়িত্ব দেন। যা দলের গঠনতন্ত্রের সম্পূর্ণ পরিপন্থী। এতে দলের প্রেসিডিয়াম, সংসদ সদস্য এবং কর্মীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়। ১৮ জানুয়ারি রওশন এরশাদের বাসভবনে দলের প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথ সভা হয়। সেখানে চেয়ারম্যানের সিদ্ধান্তকে গণতন্ত্রের স্বার্থের পরিপন্থী বলে আলোচনা হয়। পরে সংসদীয় কমিটির জরুরি সভায় সংসদ সদস্যরা হুসেইন মুহাম্মদ এরশাদকে তাঁর সিদ্ধান্ত বদলানোর অনুরোধ জানালে তিনি রওশন এরশাদকে এক নম্বর কো-চেয়ারম্যান করবেন বলে কথা দেন। কিন্তু আজ পর্যন্ত সে সিদ্ধান্ত বাস্তবায়িত হয়নি।
বিবৃতিতে সংসদীয় কমিটি বলেছে, সহসা ইউনিয়ন পরিষদের নির্বাচন হতে যাচ্ছে। দলীয় সাংসদেরা তৃণমূল পর্যায়ে তাঁদের প্রতিনিধি ঠিক করার জন্য নির্বাচনে অংশ নিতে চান। কমিটি লক্ষ্য করছে, সাংসদদের পাশ কাটিয়ে ইউপিতে চেয়ারম্যান মনোনয়ন দেওয়া হচ্ছে এবং জেলা সম্মেলন করা হচ্ছে। দলকে শক্তিশালী করতে এবং নির্বাচনে ভালো ফলাফল করতে যৌথ সভার সিদ্ধান্ত অনুযায়ী রওশন এরশাদকে শিগগিরই এক নম্বর তো-চেয়ারম্যান করার আহ্বান জানিয়েছে সংসদীয় কমিটি।