রওশনকে জাপার কো-চেয়ারম্যান করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রওশন এরশাদকে দলের এক নম্বর কো-চেয়ারম্যান করতে চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রতি আবারও আহ্বান জানিয়েছে জাতীয় পার্টির (জাপা) সংসদীয় কমিটি। গতকাল বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের জনসংযোগ কর্মকর্তার স্বাক্ষরে এ বিবৃতি পাঠানো হয়। বিবৃতিতে সংসদীয় কমিটি দাবি করে, জাপার চেয়ারম্যান গত ২০ জানুয়ারি সংসদীয় দলের সভায় রওশন এরশাদকে এক নম্বর কো-চেয়ারম্যান করার কথা দিয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয়, আজ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।
বিবৃতিতে বলা হয়, হুসেইন মুহম্মদ এরশাদ আলোচনা ছাড়াই গত ১৭ জানুয়ারি তাঁর ছোট ভাই জি এম কাদেরকে দলের কো-চেয়ারম্যানের দায়িত্ব দেন, যা দলের গঠনতন্ত্রের সম্পূর্ণ পরিপন্থী। এতে দলের প্রেসিডিয়াম সদস্য, সংসদ সদস্য ও কর্মীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়। ১৮ জানুয়ারি রওশনের বাসভবনে দলের প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথ সভা হয়। সেখানে চেয়ারম্যানের সিদ্ধান্তকে গণতন্ত্রের স্বার্থের পরিপন্থী বলে আলোচনা হয়। পরে সংসদীয় কমিটির জরুরি সভায় সংসদ সদস্যরা এরশাদকে তাঁর সিদ্ধান্ত বদলানোর অনুরোধ জানালে তিনি রওশন এরশাদকে এক নম্বর কো-চেয়ারম্যান করবেন বলে কথা দেন। আজ পর্যন্ত সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে জাপার কো-চেয়ারম্যান জি এম কাদের গতকাল রাতে বলেন, ‘আমাকে কো-চেয়ারম্যান করে দলের গঠনতন্ত্র লঙ্ঘন করা হয়নি। এমনকি দলের প্রেসিডিয়াম সভাও এ নিয়োগ সর্বসম্মতভাবে অনুমোদন করেছে। পরে জেলা ও উপজেলার যৌথ সভাতেও এ নিয়োগ সমর্থন জানানো হয়েছে।’