রওশনকে জাপার চেয়ারম্যান ঘোষণা এরশাদপুত্র এরিকের

রওশন এরশাদ।
ফাইল ছবি

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে পার্টির চেয়ারম্যান হিসেবে ঘোষণা দিয়েছেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের পুত্র এরিক এরশাদ।

আজ বুধবার বারিধারা প্রেসিডেন্ট পার্কে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে এ ঘোষণা দেন এরশাদপুত্র। এ সভার আয়োজন করে হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টি বোর্ড।

নতুন ঘোষিত এ কমিটিতে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয় এরশাদ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদকে। কো-চেয়ারম্যান করা হয় এরশাদের সাবেক সহধর্মিণী বিদিশা সিদ্দিক ও এরশাদের আরেক পুত্র রাহগির আল মাহি সাদ এরশাদকে।

এ সময় এরিক তাঁর বক্তব্যে বলেন, ‘আমার বাবা যখন অসুস্থ ছিলেন, তখন আমার চাচা জি এম কাদের রাতের আঁধারে বাবাকে জিম্মি করে অবৈধভাবে পার্টির চেয়ারম্যান পদে স্বাক্ষর করিয়েছিলেন। এগুলো আটকাতে হবে, প্রতিহত করতে হবে।’

স্মরণসভায় কাজী মামুনুর রশীদের সভাপতিত্বে বক্তব্য দেন বিদিশা সিদ্দিক, রাহগির আল মাহি সাদ এরশাদ, জাপার সাবেক প্রেসিডিয়াম সদস্য দেলোয়ার হোসেন খান, জাফর ইকবাল সিদ্দিকী প্রমুখ।

সভা শেষে এরিক ঘোষিত নতুন কমিটির নেতাদের ফুলেল শুভেচ্ছা জানান উপস্থিত নেতা-কর্মীরা।

এ বিষয়ে জানতে রওশন এরশাদ ও ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদকে একাধিকবার কল করা হয়। কিন্তু তাঁরা ফোন ধরেননি। সাদ এরশাদকে নতুন দলে তাঁর ও তাঁর নাম মায়ের নাম থাকার বিষয়ে জানতে চেয়ে একটি খুদে বার্তাও পাঠানো হয়। তিনি কোনো জবাব দেননি।

এ বিষয়ে জানতে পার্টির চেয়ারম্যান জি এম কাদের প্রথম আলোকে বলেন, ‘সাদ আমাকে ব্যক্তিগতভাবে বলেছে, তাকে মিলাদের কথা বলে সেখানে নিয়ে গেছে। সেখানে নিয়ে গিয়ে যে ঘোষণা দেওয়া হয়েছে, সেটার সঙ্গে সে নেই। আর উনি (রওশন এরশাদ) খুব অসুস্থ। যে কারণে এবার বাসায় মিলাদের (এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে) ব্যবস্থাও করেননি।’

জি এম কাদের বলেন, ‘চাইলে যে কেউ নতুন দল করতে পারে, এতে আমাদের আপত্তি নেই। এতে পার্টিতে কোনো বিরূপ প্রতিক্রিয়া ফেলতে পারবে বলে মনে হয় না। আমরা এটাকে গুরুত্ব দিচ্ছি না।’