রওশনকে সংযত হতে বললেন এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে সংযত হওয়ার আহ্বান জানিয়ে দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাতীয় পার্টির গঠনতন্ত্র না জেনে রওশন মনগড়া কথা বলেছেন। দলের সুযোগ সন্ধানী নেতাদের কাছে নিয়ে তিনি ক্ষমতার অপব্যবহার করছেন।

গতকাল সোমবার দুপুরে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এরশাদ এসব কথা বলেন। রওশন এরশাদ দলে গণতন্ত্র নেই বলে যে কথা বলেছেন, তার তীব্র সমালোচনা করে এরশাদ বলেন, গঠনতন্ত্রের ৩৯ ধারা কাউন্সিলে পাস করা হয়েছিল বলেই রওশন, আনিসুল ইসলাম মাহমুদসহ ৩৯ জন নেতা সভাপতিমণ্ডলীর সদস্য হয়েছেন। এটা তাঁর জানা থাকা দরকার।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ড প্রসঙ্গে এরশাদ বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে এ ধরনের হত্যাকাণ্ড কমছে না বরং বাড়ছে। ইউপি নির্বাচনে নিজ দলের প্রার্থীদের ভরাডুবির কথা উল্লেখ করে এরশাদ বলেন, ‘গণতান্ত্রিক ধারায় নির্বাচন না হওয়ায় আমার দলের প্রার্থীরা পরাজয় বরণ করছেন।’

মতবিনিময়কালে রংপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোফাজ্জল হোসেন, সদস্যসচিব আসিফ শাহরিয়ার, মহানগর আহ্বায়ক মোস্তাফিজার রহমান ও সদস্যসচিব এস এম ইয়াছির উপস্থিত ছিলেন।