রওশনকে সিনিয়র কো-চেয়ারম্যান করলেন এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার স্ত্রী রওশন এরশাদকে জাতীয় পার্টির (জাপা) সিনিয়র কো-চেয়ারম্যান করে দলের ভবিষ্যৎ শীর্ষ নেতা ঘোষণা দিয়েছেন এইচ এম এরশাদ।
গতকাল বুধবার বিকেলে রংপুরের গঙ্গাচড়া উপজেলা পরিষদ মাঠে দলীয় এক জনসভায় জাপার চেয়ারম্যান এরশাদ এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘আজ থেকে পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান হলেন রওশন এরশাদ। আশা করি, দলের মধ্যে আর কোনো বিরোধ-বিভেদ থাকবে না। আমার মৃত্যুর পর তিনিই (রওশন) পার্টির হাল ধরবেন।’
জনসভা মঞ্চে দলের সাংসদ ও প্রতিমন্ত্রী মসিউর রহমান (রাঙ্গা) উপস্থিত ছিলেন। তাঁকে দেখিয়ে এরশাদ বলেন, ‘আমরা মামা-ভাগনে এক। আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। আর থাকবেও না।’
এরপর রাতে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের গঠনতন্ত্রের ৩৯ ধারা মোতাবেক রওশন এরশাদকে জাপার সিনিয়র কো-চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছেন চেয়ারম্যান। এরপর রওশন এরশাদও এক বিবৃতিতে তাঁকে সিনিয়র কো-চেয়ারম্যান করায় এরশাদকে অভিনন্দন জানিয়েছেন। বিবৃতিতে রওশন বলেন, এ উদ্যোগ দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করবে।
প্রসঙ্গত, গত ১৭ জানুয়ারি রংপুরে দলীয় এক কর্মিসভায় এরশাদ তাঁর ছোট ভাই জি এম কাদেরকে জাপার কো-চেয়ারম্যান ঘোষণা করেন। এর এক দিন পর জিয়াউদ্দিন বাবলুকে সরিয়ে দিয়ে রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব করেন। এরপর রওশনপন্থী ও এরশাদপন্থী হিসেবে দলের নেতারা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন।
জাপার দায়িত্বশীল সূত্র জানায়, দলের জাতীয় সম্মেলন সামনে রেখে সম্প্রতি আবার এরশাদ ও রওশনের বিভেদ চাঙা হয়। সেটা সামাল দিতেই এরশাদ স্ত্রীকে সিনিয়র কো-চেয়ারম্যান করেছেন।
রওশন এরশাদকে সিনিয়র কো-চেয়ারম্যান করার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন জাপার মহাসচিব রুহুল আমিন হাওলাদার। তিনি প্রথম আলোকে বলেন, ‘এ ঘোষণার মধ্য দিয়ে পার্টির শীর্ষ নেতৃত্বের ঐক্য দৃঢ় হলো। আশা করি, পার্টির আসন্ন কাউন্সিল সফল হবে।’