রওশনের অনুপস্থিতিতে কাদের-রুহুলের অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারকে অনুমোদন দিয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্যরা। জাপার সভাপতিমণ্ডলীর বৈঠকে আজ রোববার এ অনুমোদন দেওয়া হয়।

আজ দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের বনানীর রাজনৈতিক কার্যালয়ে জাপার সভাপতিমণ্ডলীর এই বৈঠক হয়। এরশাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সভাপতিমণ্ডলীর সদস্যরা কো-চেয়ারম্যান ও মহাসচিবকে অনুমোদন দেন। তবে এতে সভাপতিমণ্ডলীর সদস্য রওশন এরশাদ উপস্থিত ছিলেন না।

সভাপতিমণ্ডলীর সভা শেষে এক সংবাদ সম্মেলন হয়। এতে এ বি এম রুহুল আমিন হাওলাদার, জি এম কাদেরসহ সভাপতিমণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে রুহুল আমিন হাওলাদার বলেন, সভায় জাপার ৩৪ জন সভাপতিমণ্ডলীর সদস্যের মধ্যে ২৪ জন উপস্থিত ছিলেন। তাঁরা নতুন কো-চেয়ারম্যান ও মহাসচিবকে অভিনন্দন জানিয়েছেন। আগামী ১৬ এপ্রিল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় পার্টির জাতীয় সম্মেলন হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে জেলাভিত্তিক মনিটরিং সেল গঠন করা হবে। এরপর জেলা ও উপজেলা সভাপতি, সাধারণ সম্পাদকদের নিয়ে ঢাকায় সভা করা হবে।

রওশন এরশাদ ও দলের মন্ত্রীদের অনুপস্থিতির কারণ কী জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, ‘৩৪ জন সদস্যের মধ্যে ২৪ জন এসেছেন। রওশন এরশাদের নিজস্ব কর্মসূচি থাকায় তিনি আসতে পারেননি। অনেকে বিভিন্ন কারণে আসতে পারেননি। এতে বিভেদ বোঝায় না। এরশাদ যেদিকে আছেন, দলও সেদিকে আছে। রওশনও এর বাইরে আছেন, তেমন কথা কখনো বলেননি।’ তিনি আরও বলেন, আজকের বৈঠকে সভাপতিমণ্ডলীর সদস্যরা সরকার থেকে বেরিয়ে আসার পক্ষে মত দিয়েছেন। তাঁরা বলেছেন, এ বিষয়ে দলের চেয়ারম্যান যথাসময়ে সিদ্ধান্ত নেবেন।

জাতীয় পার্টির একজন সাংসদ কিশোরগঞ্জে বলেছেন, সরকারে থেকে জাতীয় পার্টি সুসংগঠিত হচ্ছে। এ বিষয়ে প্রশ্ন করলে জি এম কাদের বলেন, ‘এটা তাঁর ব্যক্তিগত মত। জাতীয় পার্টির মূল শক্তি হচ্ছে জনগণ।’

আরও পড়ুন: