রওশনের বক্তব্য এখতিয়ারবহির্ভূত, বললেন এরশাদ

জাতীয় সংসদে দেশের রাষ্ট্রীয় ক্ষমতার শীর্ষ নারীদের সম্পর্কে বিরূপ মন্তব্যের জন্য স্ত্রী বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের ক্ষমাপ্রার্থনার বিষয়টি তাঁর ‘এখতিয়ারবহির্ভূত’ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। এ ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন এরশাদ।
আজ সোমবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে এক অনির্ধারিত আলোচনায় এ মন্তব্য করেন এরশাদ। ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন, ‘সংসদে আমার বক্তব্যের জন্য অন্য কেউ ক্ষমা চাইতে পারেন না।’ তিনি সংসদের কার্যবিবরণী থেকে রওশন এরশাদের ক্ষমা চাওয়ার বিষয়টি বাদ দেওয়ার জন্য স্পিকারের কাছে অনুরোধ করেন। অবশ্য স্পিকার এ বিষয়ে কোনো রুলিং বা মন্তব্য করেননি।
এরশাদের এই বক্তব্যের সময় জাতীয় পার্টির অন্য শীর্ষ নেতারা সংসদে উপস্থিত থাকলেও রওশন এরশাদ ছিলেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় অধিবেশন কক্ষেই ছিলেন।
গত সোমবার বাজেট আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ বলেছিলেন, ‘আমরা কথায় কথায় বলি, আমাদের প্রধানমন্ত্রী নারী, স্পিকার নারী, সংসদের উপনেতা নারী, বিরোধীদলীয় নেতা নারী।’ এরপরেই তিনি একটি শব্দ ব্যবহার করেছিলেন যা স্পীকার পরে এক্সপাঞ্জ করে দেন। এরশাদের এ বক্তব্যে সংসদে নারী সাংসদদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিলে তাঁর স্ত্রী রওশন এরশাদ স্বামীর এ মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন এবং ক্ষমা চান। এরশাদের শব্দ চয়ন সঠিক ছিল না বলেও তিনি মন্তব্য করেন।
এ প্রসঙ্গ টেনে এরশাদ বলেন, ‘নারীদের সম্পর্কে আমার বক্তব্য অসংসদীয় ছিল না। আমি কারও সম্পর্কে কটূক্তি করিনি। তারপরও এ বক্তব্য আমি প্রত্যাহার করে নেওয়ায় আর এক্সপাঞ্জের প্রয়োজন ছিল না। আর এক্সপাঞ্জ করা বিষয় গণমাধ্যম লিখতে পারে না।’ তিনি বলেন, ‘প্রত্যাহার করে নেওয়ার পরও আমার এ বক্তব্য এক্সপাঞ্জ করায় আমি দুঃখ পেয়েছি। এটা ভুলবার নয়। যত দিন বেঁচে থাকব তা ভুলব না।’
এইচ এম এরশাদ জানান, নারীর ক্ষমতায়নের বিষয়টি তুলে ধরতেই তিনি ওই দিন কথা বলেছিলেন। সংসদে ৩৫০ জন সংসদ সদস্য সমান সুযোগ পান না। বিশেষ করে সংরক্ষিত আসনের নারী সদস্যরা সুযোগবঞ্চিত। তিনি বলেন, ‘সংসদে আসন বাড়াবেন, কিন্তু মর্যাদা ও বরাদ্দ বাড়াবেন না, তা হতে পারে না। নারী-পুরুষ সমান অংশীদারের কথা বলি। কিন্তু নারীরা সবখানে বঞ্চনার শিকার।’
এমএলএম প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রীর সতর্কতা
আদালতের আদেশে কাজ করে যাওয়া বহুস্তর বিপণন কার্যক্রম (এমএলএম) প্রতিষ্ঠান সম্পর্কে সবাইকে সতর্ক করলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
সোমবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘কীভাবে সাধারণ মানুষ প্রতারণার শিকার হয়, সেটা জানানোর জন্যই আমি বিবৃতি দিচ্ছি।’ এমএলএম-সংক্রান্ত আইন প্রণয়ন ও বিধিমালা জারির প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ২৭টি কোম্পানির আবেদন জয়েন্ট স্টক কোম্পানিতে জমা পড়ে। যাচাই-বাছাই ও সরেজমিন তদন্ত করে পাঁচটি কোম্পানিকে লাইসেন্স প্রদান করে। এগুলো হলো এমএক্সএন মডার্ন হারবাল ফুড লিমিটেড, রিজ বিজনেস সিস্টেম লিমিটেড, স্বাধীন অনলাইন পাবলিক লিমিটেড, ওয়ার্ল্ড মিশন ২১ লিমিটেড এবং জার ইলেকট্রনিকস লিমিটেড।
এই পাঁচটি প্রতিষ্ঠান সম্পর্কে মন্ত্রী বলেন, ‘লাইসেন্স পাওয়া প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সন্তোষজনক না হওয়ায় চারটিকে পরীক্ষা-নিরীক্ষা করে বাতিল করা হয়েছে। এগুলোর লাইসেন্স আর নবায়ন করা হয়নি। আর একটি নবায়নের আবেদন না করায় তা এমনিতেই বাতিল হয়ে গেছে।
তোফায়েল আহমেদ বলেন, ‘যাঁরা জয়েন্ট স্টক কোম্পানিতে আবেদন করে লাইসেন্স পাননি, তাঁরা মন্ত্রণালয়ে আপিল করেন। আপিল করা প্রতিষ্ঠানগুলোকে আইনের আওতায় যাচাই করে আপিল নাকচ করা হয়। মন্ত্রণালয় কর্তৃক আপিল আবেদন বাতিল হওয়া অধিকাংশ কোম্পানি হাইকোর্টে রিট মামলা করে কার্যক্রম পরিচালনা করছে। মন্ত্রণালয় লাইসেন্স দেয়নি। কিন্তু তারা হাইকোর্টের রিটের সুবিধা নিয়ে ব্যবসা পরিচালনা করে নিরীহ মানুষের সঙ্গে প্রতারণা করছে। মন্ত্রণালয় আদালতের স্থগিতাদেশ খারিজ করার চেষ্টা করছে।’
মন্ত্রী বলে, ‘হাইকোর্ট সম্বন্ধে আমার বিশ্বাস আছে, আস্থা আছে। প্রধান বিচারপতি বলেছেন, অহেতুক সমালোচনা না করতে। এখানেও কোনো সমালোচনা না।’ তিনি বলেন, ‘সাধারণ মানুষ প্রতারণার শিকার হচ্ছে। যে কারণে আমি এখানে বিষয়টি উত্থাপন করেছি। আশা করি, দেশের মানুষ এদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করবে।’