রক্তারক্তির খেলায় প্রধানমন্ত্রী পারঙ্গম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রক্তারক্তির খেলায় প্রধানমন্ত্রী পারঙ্গম বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, রক্তারক্তির খেলায় প্রধানমন্ত্রী এতটাই পারঙ্গম যে দেশে-বিদেশে তাঁর জুড়ি মেলা ভার। তিনি দাবি করেন, আধুনিক রাষ্ট্রব্যবস্থার সব প্রতিষ্ঠান ধ্বংস করে এখন নিরঙ্কুশ ক্ষমতাবান এক ব্যক্তির সালতানাত চালু হয়েছে এ দেশে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘দুদক নামে একটি প্রতিষ্ঠান আছে, যেটি এই ভোটারবিহীন সরকারের বিশ্বাসভাজন ধোলাই লন্ড্রিতে পরিণত হয়েছে।’
সরকার অহিংস আন্দোলনে ভয় পেয়ে সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে: এদিকে গত মঙ্গলবার ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস বলেন, সরকার বিএনপির অহিংস আন্দোলনে ভয় পেয়ে সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে। এর পরিণতি শুভ হবে না।
নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে মহানগর বিএনপির বৈঠক শেষে মির্জা আব্বাস এ কথা বলেন। ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ সামনে রেখে ওই বৈঠক হয়।
মির্জা আব্বাস দাবি করেন, আগামী শনিবার বিএনপির সমাবেশে ব্যাপক লোকসমাগম হবে। সেদিন ঢাকায় জনতার ঢল নামবে। আওয়ামী লীগের নেতাদের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগের ওপর থেকে নিচ পর্যন্ত নেতারা যেভাবে মিথ্যা বক্তব্য দেন, তাঁদের সঙ্গে বিএনপি পারবে না। তবে আওয়ামী লীগ আন্দোলনে বিএনপির সঙ্গে পারবে না।