নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান দাবি করেছেন, খালেদা জিয়া দেশের প্রচলিত আইনকানুন কিছুই মানছেন না। পেট্রলবোমা মেরে, মানুষের রক্তের ওপর দিয়ে তিনি ক্ষমতায় যেতে চান। গতকাল বুধবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরীর হাটে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় জনসভায় বক্তব্য দেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এ কে এম টিপু সুলতান, পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ এম আলাউদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এ কে এম সালাউদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহামুদ্দীন নবী, সাধারণ সম্পাদক রাকিব হোসেন প্রমুখ।
মন্ত্রী বলেন, একাত্তরের পরাজিত শক্তি হরতাল-অবরোধের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়।