রজ্জব সভাপতি ও জাকারিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে গত রোববার নতুন কমিটি গঠন করা হয়েছে। সম্মেলনে কাউন্সিলরদের ভোটে আবু ইবনে রজ্জব সভাপতি ও জাকারিয়া জাকির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সম্মেলন শেষে রাত ১১টার দিকে জেলার ১৫টি সাংগঠনিক শাখার ৩১০ জন কাউন্সিলর ভোট দেন। আবু ইবনে রজ্জব ২৮০ ভোট পেয়ে সভাপতি এবং জাকারিয়া জাকির ২৮২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
সভাপতি আবু ইবনে রজ্জব জানান, জেলা ও শহর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে পরামর্শ করে ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির তালিকা তৈরি করা হবে। পরে ওই তালিকা অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠানো হবে।
দিনাজপুর লোকভবনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, বর্তমান সরকারের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার এক দিন আগেও নির্বাচন হবে না। মেয়াদ শেষ হওয়ার পর শেখ হাসিনার সরকারের অধীনেই পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যুদ্ধাপরাধীদের বিচার এবং রায় বাস্তবায়ন, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল এবং দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। এ জন্য তিনি আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
প্রবল বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণের পরিবর্তে পাশের দিনাজপুর লোকভবন মিলনায়তনে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে বিকেল চারটায় দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোল্লা মো. আবু কাওছার সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনে স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাংসদ পঙ্কজ দেবনাথ প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন।
আরও বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বাবু সতীশ চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, আওয়ামী লীগের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, দিনাজপুর-১ আসনের সাংসদ মনোরঞ্জনশীল গোপাল, দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলি সাদিক এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী প্রমুখ।