রতন সেন হত্যা মামলার পুনঃতদন্ত দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সম্পাদকমণ্ডলীর সাবেক সদস্য ও খুলনা জেলা শাখার সাবেক সভাপতি রতন সেন হত্যা মামলার পুনঃতদন্তের দাবি জানিয়েছে দলটি।
গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে এই দাবি জানানো হয়। রতন সেনের ২৪তম ‘হত্যাবার্ষিকী’ উপলক্ষে এই সমাবেশ হয়। পরে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে রতন সেনের স্মৃতিতে ফুল দেওয়া হয়।
ব্রিটিশবিরোধী আন্দোলনে অংশ নেওয়া রতন সেনকে ১৯৯২ সালের ৩১ জুলাই খুলনার ডিসি ও এসপি অফিসের সামনে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে হত্যা করে। এখনো ওই হত্যার বিচার হয়নি।
সিপিবির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ বলেন, বঙ্গবন্ধু ও জেলহত্যার বিচার হতে পারলে রতন সেন হত্যার বিচার হবে না কেন? আইনের শাসন প্রতিষ্ঠায় এ হত্যার বিচার অবশ্যই করতে হবে।
সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন বলেন, বিচারহীনতা জঙ্গি, সাম্প্রদায়িকতা ও লুটেরাদের উৎসাহিত করছে। রতন সেন হত্যার পর সরকারি সংস্থাই খুঁজে বের করেছিল এর সঙ্গে জড়িত ব্যক্তিদের। কিন্তু এর বিচার এখন পর্যন্ত হয়নি।
সিপিবির নগর নেতা সেকান্দার হায়াতের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য অনিরুদ্ধ দাশ, হাসান তারিক চৌধুরী, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজ আদনান প্রমুখ।