রব সভাপতি, তৌহিদুল সম্পাদক নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় সাড়ে ১১ বছর পর গত শনিবার পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়েছে। এতে সমঝোতা করে আবদুর রব সভাপতি ও মো. তৌহিদুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে আটোয়ারী পাইলট বালিকা উচ্চবিদ্যালয় মাঠে এ সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ মো. নূরুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রব। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মজাহারুল হক প্রধান। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম সাংগঠনিক প্রতিবেদন ও শোক প্রস্তাব পড়ে শোনান।
তবে সম্মেলনের শুরুতেই মঞ্চে আসন গ্রহণকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি হয়। এতে দুজন আহত হন। এ সময় প্রধান অতিথি আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী উপজেলা পর্যায়ের নেতাদের মঞ্চ থেকে নামিয়ে দিয়ে পরিস্থিতি শান্ত করেন। পরে রাতে সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও সহসভাপতি পদে মো. সাইদুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে আনিছুর রহমানের নাম ঘোষণা করা হয়। এসব নাম ঘোষণা করেন প্রধান অতিথি সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী।
২০০৩ সালের ৩ জুন আটোয়ারী উপজেলা আওয়ামী লীগে সর্বশেষ সম্মেলন হয়।
কয়েকজন নেতা-কর্মী বলেন, দীর্ঘদিন পর সম্মেলন হওয়ায় নেতা-কর্মীরা ভোটাভুটির মাধ্যমে নেতা নির্বাচিত হবেন, এমনটা আশা করছিলেন।
সম্মেলনের প্রতিনিধি (কাউন্সিলর) মো. সাজ্জাদ সেলিম আশা করছেন, এই সমঝোতার ফলে উপজেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের কোন্দলের অবসান হয়েছে।
আবদুর রব বলেন, ‘সমঝোতার ফলে এখন যে কমিটি হয়েছে, তাতে তাঁদের মধ্যে থাকা দীর্ঘদিনের বিরোধ মিটে গেছে। ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে দল পরিচালনা করব।’