বাংলা ভাষা ও সাহিত্যের অতুলনীয় কীর্তিমান লেখক রবীন্দ্রনাথ ঠাকুরের আজ ১৫৬তম জন্মবার্ষিকী। কবিতা, উপন্যাস, ছোটগল্প, প্রবন্ধ, নাটক, সংগীত, শিশুতোষ রচনা, পত্রসাহিত্যসহ সাহিত্যের সর্বক্ষেত্রকে তিনি সমৃদ্ধ করেছেন বিস্ময়কর সৃজনী প্রতিভায়। রসসাহিত্য রচনাও তাঁর হাতে পেয়েছে ভিন্ন মাত্রা। বিশ্বকবির জন্মদিনে রস+আলোর এই বিশেষ আয়োজন।

নিজের হাত সামলাও
এই ঘটনা থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কাদম্বরী দেবীর সম্পর্কটা অনুমান করে নেওয়া যেতে পারে। স্কুল থেকে ফিরেই রবীন্দ্রনাথ ঠাকুর বউদি কাদম্বরী দেবীর কাছে ছুটে যেতেন। বউদি তাঁকে মায়ের মতো যত্ন করতেন। স্নেহ ও প্রীতির বাঁধনে ধরা পড়েছিলেন রবীন্দ্রনাথ।
তাই কোনো দিন কাদম্বরী দেবী কোথাও গেলে রবীন্দ্রনাথের বেজায় অভিমান হতো। ঘর থেকে নিজেই দামি জিনিস লুকিয়ে রেখে ঝগড়ার সৃষ্টি করতেন। বলতেন, তুমি গেলে তোমার ঘর সামলাবে কে? আমি কি চৌকিদার!
কাদম্বরী দেবী কিন্তু সব বুঝতেন। তিনিও রাগ দেখিয়ে বলতেন, তোমাকে আর ঘর সামলাতে হবে না, নিজের হাত সামলিয়ো।
ভূতে বিশ্বাস
কবিগুরুর কাছে একবার এক ভদ্রলোক চিঠি লিখে জানতে চাইলেন, আপনি কি ভূতে বিশ্বাস করেন?
কবি লিখলেন, বিশ্বাস করি বা না করি, তবে তাদের দৌরাত্ম্য মাঝেমধ্যে টের পাই। সাহিত্যে, পলিটিকসে সর্বত্রই একেক সময় তুমুল দাপাদাপি জুড়ে দেয় এরা। দেখেছি, দেখতে ঠিক মানুষের মতো।
মশার পদসেবা
শান্তিনিকেতনে মশার যন্ত্রণা এড়াতে কবিগুরু হাতে-পায়ে তেল ব্যবহার করতেন। কখনো কোনো আগন্তুক উপস্থিত হলে মজা করে বলতেন, ভেবো না যে আমি বুড়ো মানুষ, বাত হয়েছে বলে পায়ে তেল মালিশ করছি। এ মশার ভয়ে। শান্তিনিকেতনের মশারা ভারি নম্র। তারা সারাক্ষণই পদসেবা করে।
বিয়ের গল্প
একবার মৈত্রেয়ী দেবী গুরুদেবের কাছে বিয়ের গল্প শুনতে চাইলে তিনি বললেন, আমার বিয়ের কোনো গল্প নেই। আমার বিয়ে যা-তা করে হয়েছিল। বউঠানেরা বিয়ের জন্য জোরাজুরি শুরু করলে আমি বললাম, তোমাদের যা ইচ্ছা করো। আমার কোনো মতামত নেই।...আমি কোথাও যেতে পারব না।
শুনে মৈত্রেয়ী দেবী অবাক হয়ে বললেন, কেন, আপনি বিয়ে করতেও যাননি?
কবিগুরু ততোধিক অবাক কণ্ঠে উত্তর দিলেন, কেন যাব? আমার একটা মান-সম্মান আছে না?
উল্লেখ্য, রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়ে কনের পিত্রালয়ে নয়, জোড়াসাঁকোতেই হয়েছিল।

সেই যথেষ্ট
রবীন্দ্রনাথ ঠাকুর হাসিমুখে, কবিতার ঝরনায়, সুরের প্রবাহে, সহাস্য কৌতুকে সমস্ত দুঃখ গোপন করেছেন। রোগশয্যাতেও তিনি হাস্যকৌতুকের মাধ্যমে চারপাশ আনন্দময় করে রাখতেন।
১৯৪০ সালের সেপ্টেম্বর মাস। কালিমপংয়ে তিন দিন অজ্ঞান অবস্থায় কাটানোর পর কলকাতার পথে অ্যাম্বুলেন্সের মধ্যে কবিগুরুর জ্ঞান ফিরল। চোখ মেলে একটুক্ষণ দেখেই বললেন, এ কোথায় পুরেছ আমায়, এ যে একটা খাঁচা! খাঁচার বাইরে কী আছে, আমি যে কিছুই দেখতে পাচ্ছি না।
ডা. জ্যোতিপ্রকাশ সরকার মাথার কাছে বসে ছিলেন। বললেন, আমরাও তো কিছু দেখতে পাচ্ছি না আপনাকে ছাড়া।
রবীন্দ্রনাথ ঠাকুর হেসে বললেন, সেই যথেষ্ট, কী বলো?

বাঁচা গেল
একবার গুরুদেব প্রমথনাথ বিশীকে অপরাধী মনে করে অনেকক্ষণ তিরস্কার করলেন। বকা শেষ হলে প্রমথনাথ মাথা তুলে বললেন, আপনার সব কথাই ঠিক, কেবল আমি অপরাধী নই।
শুনে রবীন্দ্রনাথ ঠাকুর স্বস্তির নিশ্বাস ফেলে বললেন, ভালো হলো, আমার বলাও হলো, আবার অপরাধীকে কষ্ট দেওয়াও হলো না। এবার তুই তাকে গিয়ে বল।
এরপর একটু থেমে গুরুদেব পুনরায় বললেন, আসল কথা কী জানিস, মাঝেমধ্যে আমি খুব বিরক্ত হই, কিন্তু অপরাধী যখন সশরীরে সম্মুখে এসে দাঁড়ায়, তখন তিরস্কার করতে কষ্ট হয়। নিতান্তই যখন না বললে নয়, তখন এদিক-ওদিক তাকিয়ে কোনো রকমে বলে ফেলি।
ওলট-পালট
কবিগুরুর বিয়ের জন্য প্রথম দিকে তোড়জোড় শুরু হয়েছিল বেশ ঘটা করেই। শেষ পর্যন্ত গুরুজনের সিদ্ধান্ত অনুযায়ী বিয়ে হলো ঠাকুর এস্টেটের কর্মচারী বেণীমাধব রায়ের বড় মেয়ে ভবতারিণী দেবীর সঙ্গে।
বিয়ের বাসরে বসেই রবীন্দ্রনাথ ঠাকুর দুষ্টুমি করতে লাগলেন। ভাঁড় খেলার সময় ভাঁড়গুলো উপুড় করে দিতে লাগলেন। তাই দেখে কবির ছোট কাকিমা ত্রিপুরাসুন্দরী দেবী বলে উঠলেন, ও কী করিস রবি? এই বুঝি তোর ভাঁড় খেলা? ভাঁড়গুলো সব উল্টেপাল্টে দিচ্ছিস কেন?
রবীন্দ্রনাথ বললেন, জানো না কাকিমা, সব যে ওলট-পালট হয়ে যাচ্ছে। কাজেই আমি ভাঁড়গুলো উল্টে দিচ্ছি।
পিতা-মাতার গুণ
মিসেস মার্গারেট সায়েঙ্গার শান্তিনিকেতনে এসে জন্মনিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা সম্পর্কে বক্তৃতা দিলেন। ছাত্রছাত্রী সবাই তাঁর কথা শুনল। রবীন্দ্রনাথ ঠাকুর রানী চন্দকে ডেকে জিজ্ঞেস করলেন, কী শুনলি? মার্গারেট সায়েঙ্গার কী বলল?
রানী চন্দ বললেন, না, আসলে উনি বোঝাতে চাইলেন, সবারই দুটি বা তিনটি মাত্র সন্তান হওয়া উচিত। পিতা-মাতার যা ভালো গুণ, ভালো স্বাস্থ্য, সর্বপ্রথমে বড় সন্তানই পায়। বেশি সন্তান হলে শেষের দিকের সন্তানেরা মা-বাবার ভালোটার কিছুই পায় না। গুরুদেব শুনে বললেন, হুঁ, আমি আমার পিতা-মাতার সর্বকনিষ্ঠ সন্তান ছিলুম। বলেই মিটিমিটি হাসতে লাগলেন। রানী চন্দ চমকে উঠে বললেন, ও তাই তো!
অটোগ্রাফের জন্য টাকা
গান্ধীজি নাকি প্রতিটি অটোগ্রাফের জন্য পাঁচ টাকা করে নেন হরিজন ভান্ডারের জন্য। শুনে রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, এ তো মন্দ কথা নয়। আমিও তাহলে এক টাকা করে নেব দরিদ্র ভান্ডারের জন্য। এই টাকা তোলার ভার রইল কবির পার্সোনাল অ্যাটেনডেন্ট সচ্চিদানন্দ রায়ের (কবি আবার তাঁকে ডাকতেন ‘আলু’ নামে!) ওপর।
এরপর থেকে ছেলেরা কবিগুরুর কাছে অটোগ্রাফের খাতা নিয়ে এলেই আলু সামনে গিয়ে দাঁড়াতেন টাকার জন্য। কাণ্ড দেখে গুরুদেব ধমকে ওঠেন, এরা এখানকার ছেলে, এদের কাছ থেকে টাকা নিবি কী!
বাইরের কেউ অটোগ্রাফের জন্য এলে কবি আগেই আলুকে টাকা না নিতে চোখের ইশারায় মানা করে দেন। ছাত্রীরা কেউ এলে নিজেই সাবধান করে বলে দেন, আলু টাকা চাইলে যেন দিস নে তোরা। দৌড়ে পালিয়ে যাস।
আলু কোনোভাবেই টাকা তুলতে না পেরে শেষে একদিন বলেই ফেললেন, তবে নিয়ম করলেন কেন?
গুরুদেব মুচকি হেসে বললেন, নিয়ম করলেই কি সব মানো তোমরা? যাও, নিজের কাজে যাও।
কুঁজোর জল
রবীন্দ্রনাথ ঠাকুর প্রকাণ্ড ঘরে একটা বড় টেবিলের সামনে ঝুঁকে লিখছেন। তাই দেখে সাহিত্যিক বনফুল বললেন, অত ঝুঁকে লিখতে আপনার কষ্ট হচ্ছে না? আজকাল তো নানা রকম চেয়ার বেরিয়েছে, ঠেস দিয়ে বসে আরাম করে লেখা যায়।
সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর উত্তর দিলেন, সব রকম চেয়ারই আমার আছে। কিন্তু ঝুঁকে না লিখলে লেখা বেরোয় না। কুঁজোর জল কমে গেছে তো, তাই উপুড় করতে হয়।

চিনির রস
এইচ পি মরিস শান্তিনিকেতনে ইংরেজি ও ফরাসি ভাষা পড়াতেন। একদিন তিনি প্রমথনাথ বিশীকে বললেন, গুরুদেব চিনির ওপরে একটি গান লিখেছেন।
শুনে প্রমথনাথ বিশী অবাক হতেই তিনি গুনগুন করে গাইলেন, আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী। তুমি থাক সিন্ধুপারে...। এরপর তিনি নিজেই ব্যাখ্যা করে বললেন, যখন বিলাতি চিনি সমুদ্রপার থেকে আসত, এ গানটি তখন লেখা। গানটি বড় মিষ্টি।
প্রমথনাথ বিশী এবার হেসে বললেন, চিনির গান অবশ্যই মিষ্টি হবে। কিন্তু এ ব্যাখ্যা কোথায় পেলেন?
মরিস সাহেব বললেন, কেন, গুরুদেব বলেছে।
প্রমথনাথ গুরুদেবের রসিকতার আভাস পেয়ে মরিস সাহেবের ভুল আর ভাঙিয়ে দিলেন না।
সূত্র: রসিক রবীন্দ্রনাথ: তাপস রায়