রবের বাসায় রাজনৈতিক নেতাদের আলোচনায় পুলিশের বাধা

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের উত্তরার বাসায় গতকাল বৃহস্পতিবার রাতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের অনানুষ্ঠানিক আলোচনায় পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। অবশ্য পরে আলোচনা হয়েছে।
সন্ধ্যা সাতটার পর বিভিন্ন রাজনৈতিক দলের কয়েকজন নেতা আ স ম আবদুর রবের আমন্ত্রণে তাঁর উত্তরার ৩ নম্বর সেক্টরের বাসায় যান। এ সময় পুলিশের কয়েকজন সদস্য সেখানে গিয়ে জানান, অনুমতি ছাড়া সভা করা যাবে না। তখন আবদুর রব বলেন, এটা সামাজিক ও পারিবারিক অনুষ্ঠান। একপর্যায়ে পুলিশ বের হয়ে বাসার বাইরে অবস্থান নেয়।
বৈঠকে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ও মাহি বি চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, গণফোরামের এস এম আকরাম ও সুব্রত চৌধুরী, বাসদের বজলুর রশীদ ফিরোজ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও বহ্নিশিখা জামালী, জাসদ একাংশের আবদুল মালেক প্রমুখ। এ সময় সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারও ওই বাসায় গিয়েছিলেন।
জানতে চাইলে বদিউল আলম মজুমদার প্রথম আলোকে বলেন, ‘ওটা ছিল ঈদ-পরবর্তী দেখা-সাক্ষাৎ। ওখানে যাঁরা গিয়েছিলেন, তাঁরা অনেকে একসঙ্গে রাজনীতি করেছেন। কেউই মুক্তিযুদ্ধের বিপক্ষের নন। এমন একটি সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানে যদি ষড়যন্ত্রের গন্ধ খোঁজা হয়, তাহলে বলার কিছু নেই।’
প্রত্যক্ষদর্শীরা বলেন, অতিথিরা প্রায় চার ঘণ্টা ওই বাসায় অবস্থান করেন।
রাতে যোগাযোগ করা হলে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রথম আলোকে বলেন, ‘পুলিশ এসে থ্রেট দিয়ে বলেছে কোনো আলোচনা করা যাবে না। এ কারণে কিছুক্ষণ আলাপ-আলোচনা বন্ধ ছিল। পরে তা হয়েছে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বড় দুটি দল বা জোটের বাইরে থেকে আমরা ঐক্যের চেষ্টা করে আসছি। এর পক্ষে যাঁরা, তাঁদের দাওয়াত করা হয়েছে।’
তবে কাদের সিদ্দিকী পুলিশ আসার পর ক্ষুব্ধ হয়ে চলে যান। বাসার বাইরে বদরুদ্দোজা চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘চা খাওয়ার দাওয়াতে এসেছিলাম। আমাদের ভয় দেখানোর চেষ্টা হয়েছে। মনে হয় সরকার ভয় পেয়েছে। এসে খুব দুঃখ পেলাম।’
জানতে চাইলে পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার বিধান ত্রিপুরা বলেন, বৈঠকের বিষয়টি তাঁর জানা নেই।
তবে উত্তরা পশ্চিম থানার ওসি আলী হোসেন খান বলেন, নিরাপত্তার জন্য টহল পুলিশ সেখানে গিয়েছিল। নেতারা ওই বাড়িতে রুদ্ধদ্বার বৈঠক করেছেন। পুলিশ, সাংবাদিক ও গোয়েন্দা সংস্থার সদস্যরা বাড়ির সামনে উপস্থিত হন।