রশিদ-ডালিমদের ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনতে বিদেশি কূটনৈতিকদের সহায়তা চাইলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, একজন প্রকৃত খুনিকে কোনো দেশেই রাজনৈতিক আশ্রয় দেওয়াটা সমীচীন নয়। এতে দেশটির প্রতি বিশ্বাস হারাবে বাংলাদেশের মানুষ।
আজ রোববার রাজধানীর গুলশান-২ নম্বর মোড়ে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এক মানববন্ধনে বক্তব্য রাখেন খালিদ মাহমুদ। বিদেশে অবস্থানরত বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনার দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে বাঙালি স্বাধীন জাতিকে পিতৃহীন করা হয়েছিল। আবার সেই স্বঘোষিত খুনিদের পুনর্বাসন করেছিলেন জিয়াউর রহমান। শুধু তাই নয়, তাঁদের বিচার যাতে কোনোভাবেই বাংলার মাটিতে না করা হয়, তার জন্য আইনও পাশ করেন তিনি।
যেসব দেশ বঙ্গবন্ধুর খুনিদের রাজনৈতিক আশ্রয় দিয়েছে, অবিলম্বে তাঁদের দ্রুত বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য তিনি ওই সব দেশের কূটনীতিকদের প্রতি আহ্বান জানান।
স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওসারের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মোবাশ্বের চৌধুরী, সাধারণ সম্পাদক ফরিদুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক কে এম মনোয়ারুল ইসলাম প্রমুখ।
বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১২ আসামির মধ্যে ছয়জন প্রায় এক যুগ ধরে পালিয়ে বেড়াচ্ছেন। তাঁরা হলেন খন্দকার আবদুর রশিদ, শরিফুল হক ডালিম, এ এম রাশেদ চৌধুরী, এস এইচ এম বি নূর চৌধুরী, আবদুল মাজেদ ও মোসলেম উদ্দিন। তাঁরা সবাই সাবেক সেনা কর্মকর্তা। পলাতক অবস্থায় মারা গেছেন আরেক আসামি আজিজ পাশা।
এ ছাড়া পাঁচজন কারাবন্দী আসামি সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, মুহিউদ্দিন আহমেদ (আর্টিলারি), বজলুল হুদা ও এ কে এম মহিউদ্দিন আহমেদের (ল্যান্সার) মৃত্যুদণ্ড গত বছরের ২৭ জানুয়ারি কার্যকর হয়।
বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনতে এরই মধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা ও লিবিয়ার কাছে চিঠি দিয়েছে সরকার। আর যেসব খুনির অবস্থান সম্পর্কে সরকারের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই, তাঁদের ধরতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়েছে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, পালিয়ে থাকা ওই সব খুনি যুক্তরাষ্ট্র, লিবিয়া ও কানাডায় অবস্থান করছেন। তবে মন্ত্রণালয়ের কাছে দুজনের ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য আছে। এর মধ্যে এ এম রাশেদ চৌধুরী এখন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থান করলেও কানাডায় রাজনৈতিক আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন। বেশ কিছুদিন জার্মানিতে লুকিয়ে থাকার পর এস এইচ এম বি নূর চৌধুরী এখন রয়েছেন কানাডায়।
পলাতক বাকি চারজন কে কোথায় অবস্থান করছেন—এ ব্যাপারে সুনির্দিষ্ট ও আনুষ্ঠানিক কোনো তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, তাঁরা লিবিয়া ও পাকিস্তানে অবস্থান করছেন। তাঁদের মধ্যে খন্দকার আবদুর রশিদ অবস্থান করেন মূলত লিবিয়ার বেনগাজি শহর ও পাকিস্তানে। শরিফুল হক ডালিমের ব্যবসাসহ বিভিন্ন কর্মকাণ্ড কেনিয়াকে কেন্দ্র করে পরিচালিত হলেও তিনি মাঝেমধ্যে লিবিয়া ও পাকিস্তানে যাওয়া-আসা করেন বলে জানা গেছে। তবে বিভিন্ন সময়ে তাঁদের অবস্থানের পরিবর্তন হয়।
বঙ্গবন্ধুকে হত্যার পর ১৯৭৫ সালের ৩ নভেম্বর খুনিরা প্রথমে ঢাকা থেকে থাইল্যান্ডের ব্যাংককে যান। এরপর তাঁরা ব্যাংকক থেকে করাচি হয়ে পিআইএর একটি বিশেষ ফ্লাইটে লিবিয়ার ত্রিপোলিতে চলে যান। পরে তাঁদের মধ্যে ১২ জন জিয়াউর রহমান এবং এইচ এম এরশাদ শাসনামলে বিভিন্ন মিশনে নিয়োগ ও পদোন্নতি পান। এরশাদের সময়ে ফারুক, রশিদ ও হুদা ঢাকায় রাজনীতি করার সুযোগ পান। বেগম খালেদা জিয়ার শাসনামলেও (১৯৯১-৯৬) কেউ কেউ চাকরিতে বহাল ছিলেন এবং তাঁরা রাজনৈতিকসহ অন্যান্য সুযোগ-সুবিধা পান। শেষ পর্যন্ত ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তখনো চাকরিরত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের ছয়জনকে চাকরিচ্যুত করা হয়েছিল।