রশীদকে ইসলামিক পার্টি থেকে বহিষ্কার করল আরেকাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট ছেড়ে নতুন জোট ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্টে (এনডিএফ) যোগ দেওয়া ইসলামিক পার্টির মহাসচিব এ রশীদ প্রধানকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে দলের আরেকটি অংশ। আজ শুক্রবার এ ঘোষণা দেওয়া হয়।

পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. এজাজ হোসেনের সভাপতিত্বে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে স্টিয়ারিং কমিটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চেয়ারম্যান আবদুল মোবিন সস্ত্রীক পবিত্র হজ পালনে সৌদি আরবে থাকার সুযোগ কাজে লাগিয়ে ২০-দলীয় জোট থেকে বের হয়ে নামসর্বস্ব নতুন জোট গঠন করার চক্রান্ত ও ষড়যন্ত্রে লিপ্ত থাকার কারণে দলের মহাসচিব পদসহ পার্টির প্রাথমিক সদস্যপদ থেকেও এ রশীদ প্রধানকে বহিষ্কার করা হয়েছে। পার্টির চেয়ারম্যান হজ থেকে ফেরার আগ পর্যন্ত অতিরিক্ত মহাসচিব আবু তাহের চৌধুরী ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করবেন।
জানতে চাইলে এ রশীদ প্রধান প্রথম আলোর কাছে দাবি করেন, তাঁর নেতৃত্বাধীন ইসলামিক পার্টিই মূল ইসলামিক পার্টি। যাঁকে ভারপ্রাপ্ত সভাপতি বলা হচ্ছে তিনি গঠনতন্ত্র মোতাবেক ভারপ্রাপ্ত সভাপতি হতে পারেন না। স্টিয়ারিং কমিটিতে যাঁরা আছেন তাঁরা বহিরাগত। তাঁকে (এ রশীদ) বহিষ্কার করার অধিকার এঁদের কারও নেই।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার বিএনপির নেতৃত্বাধীন জোট থেকে বের হয়ে আসা ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) একাংশের চেয়ারম্যান শওকত হোসেনের নেতৃত্বে এনডিএফ নামের নতুন জোট আত্মপ্রকাশ করে। এই জোটে নিজেকে ইসলামিক পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরিচয় দিয়ে এ রশীদ তাঁর দল নিয়ে যোগ দেন।