উত্তরার খালে ফেলে যাওয়া অস্ত্রগুলো কালোবাজারে বিক্রির জন্যই তৈরি হয়েছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক বাজারে বৈধভাবে বিক্রির জন্য অস্ত্রের গায়ে যে দেশে তৈরি হয়েছে তার নাম, সিরিয়াল নম্বর, অস্ত্র কোম্পানির নাম লেখা থাকা বাধ্যতামূলক। কিন্তু এ অস্ত্রগুলোতে তার কিছুই ছিল না।
নম্বর ছাড়া কালো পাজেরো গাড়িতে করে কারা, কেন এই বিপুল অস্ত্র প্রকাশ্য দিনের বেলায় খালে ফেলে গেল তা নিয়ে এখনো ধন্দে রয়েছে পুলিশ। এক লটে একসঙ্গে এতগুলো নতুন অস্ত্র নিয়ে ঘুরে বেড়ানোর সাহস ও সামর্থ্য দেশের কোনো সন্ত্রাসী গোষ্ঠীর রয়েছে কি না তা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
রাজধানীর উত্তরার ১৬ নম্বর সেক্টরের একটি খাল থেকে গত রবি ও সোমবার ৪৯৪টি ম্যাগাজিন, ৯৭টি পিস্তল ও ১ হাজার ৬০টি গুলি উদ্ধার করা হয়। পুলিশ বলছে, কালো একটি নম্বরবিহীন পাজেরো জিপে করে সাত ব্যাগ অস্ত্র ও গুলি শনিবার বিকেলে তুরাগ থানাধীন ওই খালের পানিতে ফেলা হয়। পুলিশের বিশেষ অভিযান শেষ হওয়ার একদিন পরে রমজান উপলক্ষে নিরাপত্তার ঘেরাটোপে রাজধানীতে কী করে নম্বরবিহীন পাজেরো গাড়ি ঘুরে বেড়ায় তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। আর পাজেরো গাড়ি সবচেয়ে বেশি ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন সরকারি সংস্থা।
এ বিষয়ে রাজধানীর তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা গতকাল প্রথম আলোকে বলেন, উদ্ধার করা অস্ত্রগুলো আদালতের নির্দেশে গত সোমবার রাজারবাগ পুলিশ লাইনস-এর অস্ত্রাগারে জমা দেওয়া হয়েছে। অস্ত্রগুলোর গায়ে সিরিয়াল নম্বর, লট নম্বর, ক্যালিবার নম্বর এবং মডেল নম্বর ছিল না।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন কর্মকর্তা (যিনি সরকারি অস্ত্র কেনার প্রক্রিয়ায় জড়িত ছিলেন) গতকাল প্রথম আলোকে বলেন, পৃথিবীর যেকোনো দেশের বৈধ বাজারে ঢুকতে হলে অস্ত্রের গায়ে যে দেশে তৈরি তার নাম, মডেল, সিরিয়াল নম্বর ইত্যাদি তথ্য থাকা বাধ্যতামূলক। এমনকি দেশে সন্ত্রাসীদের কাছ থেকে উদ্ধার করা বিদেশি অস্ত্রের প্রায় শতভাগের গায়েই এ তথ্যগুলো লেখা থাকে। অর্থাৎ বৈধ প্রক্রিয়ায় দ্বিতীয় কোনো দেশ থেকে এ অস্ত্রগুলো সংগ্রহ করে অবৈধ পথে দেশে ঢোকানো হয়েছে। তবে দেশে তৈরি পাইপগান, ওয়ান শুটার গান ইত্যাদিতে এসব তথ্যের বালাই নেই।
ওই কর্মকর্তা বলেন, এক যুগ আগে চট্টগ্রামে কর্ণফুলী সার কারখানার (সিএফএল) জেটি থেকে উদ্ধার করা ১০ ট্রাক অস্ত্রের মধ্যে কিছু অস্ত্রের গায়ে এসব তথ্য লেখা ছিল না। ১০ ট্রাক অস্ত্রের বেশির ভাগই চীনের প্রতিষ্ঠান চায়না নর্থ ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (নোরিনকো) তৈরি ছিল।
কর্মকর্তারা জানান, উদ্ধার করা পিস্তলের মধ্যে ৯৫টি ৭ দশমিক ৬২ বোরের পিস্তল। একই রকমের অস্ত্র বাংলাদেশের পুলিশসহ বিভিন্ন বাহিনীও ব্যবহার করে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়াও গত সোমবার বলেন, বাংলাদেশে পুলিশ যে পিস্তল ব্যবহার করে, সেগুলোও ৭ দশমিক ৬২ বোরের। কিন্তু পুলিশের ব্যবহৃত অস্ত্রগুলো যে দেশ থেকে কেনা হয়েছে সে দেশের নাম লেখা থাকে। কিন্তু উদ্ধার করা অস্ত্রগুলোতে এ তথ্যগুলো নেই।
নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, এত অস্ত্র কোত্থেকে এল, তা ভাবা দরকার। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।
এলাকাটি ঘুরে দেখা গেছে ওই এলাকায় আসতে হলে কমপক্ষে তিনটি তল্লাশি চৌকি পেরোতে হয়। স্থানীয় লোকজন জানান, আগে প্রায়ই ওই এলাকায় ডাকাতি হতো। বিগত বছরগুলোতে এখানে বেশ কিছু লাশও পাওয়া গেছে। এ জন্য সব সময় ওই এলাকায় পুলিশ থাকে। তা ছাড়া পুলিশের নিয়মিত টহলও থাকে। এর মধ্যে দিনে-দুপুরে নম্বর ছাড়া পাজেরো গাড়ি ওই এলাকায় এসে অস্ত্র ফেলে আবার বের হয়ে যাওয়া প্রায় অসম্ভব।
সরকারের আরেকটি বাহিনীর কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অস্ত্র যদি পরিত্যক্ত অবস্থায় ফেলতে হয় তাহলে রাতের বেলায় নির্জন কোনো রাস্তায় ফেলে গেলেই হলো। এত নিরাপত্তার মধ্যে এই এলাকায় ফেলতে হবে কেন? তা ছাড়া এত নিরাপত্তার মধ্যে নম্বর ছাড়া পাজেরো চলাচলটা প্রায় অবিশ্বাস্য।
তদন্ত সহায়ক কমিটি: এদিকে অস্ত্র উদ্ধারের ঘটনায় করা দুটি জিডি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটকে। তদন্ত দলের নেতৃত্বে থাকবেন অতিরিক্ত উপকমিশনার ছানোয়ার হোসেন। আরও ছয় সদস্যের একটি দল তাঁকে সহায়তা করবেন। সহায়ক দলে থাকবেন ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) উপকমিশনার শেখ নাজমুল আলম, উপকমিশনার খন্দকার নুরুন্নবী, অতিরিক্ত উপকমিশনার আশিকুর রহমান, মাহফুজুল ইসলাম, গোলাম মোস্তফা রাসেল ও সহকারী কমিশনার সুমিত জোয়ারদার। গতকাল সন্ধ্যায় ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান বিষয়টি জানিয়েছেন।