রাউজানে আ.লীগের চেয়ারম্যান প্রার্থী সরে দাঁড়ালেন!
চট্টগ্রামে রাউজানের কদলপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. মোজাহিদ উদ্দীন চৌধুরী বৃহস্পতিবার সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। রাউজানের প্রশাসনের ছত্রচ্ছায়ায় স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী তসলিম উদ্দিনের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এনে এক বিবৃতির মাধ্যমে তিনি সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
বিবৃতিতে তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থীর সন্ত্রাসীরা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর ঘরে ঘরে হামলা চালিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। প্রাণের ভয়ে নেতা-কর্মী ও সমর্থকেরা এলাকা ছেড়ে বাইরে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এ ছাড়া তাঁকে এবং তাঁর চাচা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন খানকে প্রতিনিয়ত হত্যার হুমকি দেওয়া হচ্ছে। স্থানীয় প্রশাসনের ভূমিকায় রাউজানের মানুষ প্রতিটি মুহূর্তে আতঙ্কের মধ্যে অসহায় দিন যাপন করছে।
বিবৃতিতে আরও বলা হয়, এ বিষয়ে তিনি নিজেই গত ৩ মে চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরেছিলেন। কিন্তু সাংবাদিক সম্মেলনের পর সন্ত্রাস ও নির্যাতনের মাত্রা এলাকায় আরও কয়েক গুণ বেড়ে গেছে। বর্তমানে কদলপুরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো পরিবেশ নেই। এলাকায় চলমান ন্যক্কারজনক ঘটনাগুলো প্রতি মুহূর্তে জেলা আওয়ামী লীগ নেতা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আতঙ্কিত সাধারণ মানুষের জানমাল রক্ষার স্বার্থে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেন বলে মোজাহিদ বিবৃতিতে উল্লেখ করেন।
প্রসঙ্গত, ৭ মে রাউজান উপজেলার ৮ নম্বর কদলপুরসহ সব কটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মুঠোফোনে যোগাযোগ করা হলে মো. মোজাহিদ উদ্দীন চৌধুরী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, ‘স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী বিলুপ্ত রাজনৈতিক দল এনডিপির নেতা ছিলেন। তাঁকে রাউজানের বিশেষ এক ব্যক্তি সমর্থন দিচ্ছেন। এ কারণে স্থানীয় প্রশাসন ওই এনডিপি নেতাকে জেতানোর জন্য আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলার ব্যাপারে কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।’
মুঠোফোনে যোগাযোগ করা হলে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী তসলিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমি এনডিপি ক্যাডার ছিলাম—এই তথ্য–প্রমাণ করতে পারলে চেয়ারম্যান নির্বাচন করব না। আমার কোনো দাগি সন্ত্রাসী নেই, বরং তিনি (মোজাহিদ) এলাকায় দাগি সন্ত্রাসী লালন করে আসছেন। আমি জনগণের রাজনীতি করি। ছাত্রজীবনে আমি উপজেলা ছাত্রলীগের সদস্য ছিলাম। ১৯৮৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত উপজেলা ছাত্রলীগের কমিটিতে আমার নাম আছে কি না একটু যাচাই করে দেখুন। বরং তিনি (মোজাহিদ) গণজোয়ারে ভীত হয়ে আমাকে এনডিপি ক্যাডার বানিয়েছেন।’