চট্টগ্রামের রাউজানের ১৪টি ইউনিয়নের মধ্যে ১৩টিতেই বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় বাতিল করা হয়েছে। তাঁদের মধ্যে দুজন পরে আপিল করলেও প্রার্থিতা ফিরে পেয়েছেন একজন। এখন কেবল রাউজানের তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী রয়েছেন। বাকি ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন।
মনোনয়নপত্রে প্রস্তাবকারী ও সমর্থনকারী হিসেবে বিএনপির চেয়ারম্যান প্রার্থীরা যেসব ব্যক্তির স্বাক্ষর জমা দিয়েছেন তা ‘জোর’ করে নেওয়া হয়েছে বা স্বাক্ষর ‘জাল’ করা হয়েছে—এমন লিখিত অভিযোগের ভিত্তিতে প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা। লিখিত অভিযোগে প্রস্তাবকারী ও সমর্থনকারীদের কেউ বলেছেন, তাঁর স্বাক্ষর জাল করা হয়েছে, কেউ বলেছেন জোর করে তাঁর কাছ থেকে স্বাক্ষর নেওয়া হয়েছে। অবশ্য বিএনপির প্রার্থীরা বলছেন, ‘চাপের মুখে’ এ কাজ করতে বাধ্য হয়েছেন প্রস্তাবকারী ও সমর্থনকারীরা।
রাউজানের ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য সাতজন রিটার্নিং কর্মকর্তা রয়েছেন। জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং দুটি ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সমর্থনকারী ও প্রস্তাবকারীরা সশরীরে এসে বলেছেন, তাঁরা বিএনপির প্রার্থীর আবেদনপত্রে স্বাক্ষর করেননি। তাই মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
আরেক রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. শামীম হোসেন বলেন, ‘ভয়ভীতির বিষয়ে আমাদের কাছে কেউ অভিযোগ করেননি। প্রস্তাবকারী ও সমর্থনকারী নিজেরা এসে আবেদন জমা দিয়েছেন।’
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চতুর্থ ধাপে রাউজান উপজেলার সব কটি ইউনিয়নে আগামী ৭ মে ভোট গ্রহণ করা হবে। গত ১০ ও ১১ এপ্রিল প্রার্থিতা যাচাই-বাছাই করা হয়।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্যসচিব কাজী আবদুল্লাহ আল হাসান বলেন, ‘বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার জন্য আমাদের প্রার্থীদের প্রস্তাবকারী ও সমর্থনকারীদের ভয়ভীতি দেখানো হয়েছে। জোর করে তাঁদের কাছ থেকে লিখিত আবেদন আদায় করা হয়েছে। আওয়ামী লীগের লোকজন এ কাজ করেছে।’
তবে রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমার জানামতে আমাদের লোকজন তাদের (বিএনপি) প্রার্থী কিংবা প্রস্তাবকারী ও সমর্থনকারীদের কোনো হুমকি-ধমকি দেয়নি। তাঁরা (প্রস্তাবকারী ও সমর্থনকারীরা) স্বেচ্ছায় রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেছেন, মনোনয়নপত্রে তাঁরা সই করেননি।’
পাহাড়তলী ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থী মোজাহিদুল আলমের প্রস্তাবকারী জাহিদুল ইসলাম গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি ১১ এপ্রিল চট্টগ্রাম কোর্ট বিল্ডিংয়ে একটি কাজে এসেছিলাম। সেখান থেকে আমাকে জোর করে ধরে নিয়ে মনোনয়নপত্রে সই করিনি আবেদন লেখানো হয়। এরপর তা রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে বাধ্য করা হয়।’
উরকিরচর ইউনিয়নের বিএনপির প্রার্থী এম এ মান্নান বলেন, ‘মনোনয়নপত্রে আমার নাম প্রস্তাব করেন মো. সাইফুদ্দিন। তাঁকে ভয় দেখিয়ে এ কাজ করা হয়েছে। ভোটারবিহীন নির্বাচন করার জন্য এই পদ্ধতি বেছে নেওয়া হয়েছে।’
বিএনপির নেতারা অভিযোগ করেছেন, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৭ এপ্রিল পূর্ব গুজরা ইউনিয়নে দলের প্রার্থী নুরুল ইসলাম এবং পাহাড়তলী ইউনিয়নের প্রার্থী মোজাহিদুল আলমের বাড়িতে হামলা চালানো হয়। এরপরও প্রার্থিতা প্রত্যাহার না করায় সমর্থনকারী এবং প্রস্তাবকারীদের মারধর করেন সরকারি দলের নেতা-কর্মীরা।
পূর্ব গুজরা ইউনিয়নের বিএনপির প্রার্থী নুরুল ইসলাম বলেন, ‘মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকে আমাদের প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছিল। বাড়িতে হামলা এবং ভাঙচুরের পরও প্রার্থিতা প্রত্যাহার না করায় প্রস্তাবকারী ও সমর্থনকারীদের দিয়ে প্রার্থিতা বাতিলের কৌশল নেন সরকারি দলের প্রার্থীরা। আপিল করেও প্রার্থিতা ফিরে পাইনি।’
মনোনয়নপত্র বহাল থাকা বিনাজুরী ইউনিয়নের বিএনপির প্রার্থী কমলেন্দু শীল গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমার প্রস্তাবকারী ও সমর্থনকারীর বাড়িতে যখন সরকারি দলের লোকজন গেছে শুনলাম, তখন আমি বিষয়টি পুলিশকে জানাই। আমার লোকজন গিয়ে তাঁদের রক্ষা করেন। তাঁদের কাছ থেকে সই আদায় করতে পারেনি। তাই মনোনয়ন বহাল রয়েছে। তবে প্রতিনিয়ত মোবাইলে হুমকি দেওয়া হচ্ছে।’
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্যসচিব কাজী আবদুল্লাহ আল হাসান অভিযোগ করেন, আপিল করে প্রার্থিতা ফিরে পাওয়া নোয়াপাড়া ইউনিয়নের দলের প্রার্থী জসীম উদ্দিনকে প্রার্থিতা প্রত্যাহারের হুমকি দেওয়া হচ্ছে।
যে ১১টি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে চলেছেন তাঁরা হলেন হলদিয়া ইউনিয়নে শফিকুল ইসলাম, ডাবুয়া ইউনিয়নে আবদুর রহমান চৌধুরী, চিকদাইর ইউনিয়নে প্রিয়তোষ চৌধুরী, গহিরা ইউনিয়নে নুরুল আবছার, রাউজান ইউনিয়নে জসিম উদ্দিন, পূর্ব গুজরা ইউনিয়নে আব্বাস উদ্দিন আহমেদ, পশ্চিম গুজরা ইউনিয়নে সাহাবুদ্দিন আরিফ, পাহাড়তলী ইউনিয়নে রোকন উদ্দিন, বাগোয়ান ইউনিয়নে ভূপেশ বড়ুয়া, উরকিরচর ইউনিয়নে আবদুল জব্বার ও নোয়াজিশপুর ইউনিয়নে সোহরাওয়ার্দী সিকদার।