
চট্টগ্রামের রাউজান পৌরসভার সাধারণ ও সংরক্ষিত ১২টি ওয়ার্ডের মধ্যে সাতটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হতে চলেছেন। পৌরসভার নয়টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ছয়টিতে এবং তিনটি সংরক্ষিত ওয়ার্ডের মধ্যে একটিতে একজন করে কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে গতকাল রোববার তাঁদের সবার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। ফলে তাঁরা সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রাউজান পৌর মেয়র প্রার্থী দেবাশীষ পালিত বলেন, নির্বাচিত হতে চলা সাতজন কাউন্সিলর প্রার্থীই আওয়ামী লীগের সমর্থক।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে আলমগীর আলী, ২ নম্বর ওয়ার্ডে বশির উদ্দিন খান, ৪ নম্বর ওয়ার্ডে শওকত হাসান চৌধুরী, ৬ নম্বর ওয়ার্ডে সমীর দাশগুপ্ত, ৭ নম্বর ওয়ার্ডে আজাদ হোসেন, ৯ নম্বর ওয়ার্ডে জমির উদ্দিন এবং সংরক্ষিত ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে জান্নাতুল ফেরদৌস একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
জানতে চাইলে বিএপির পৌর মেয়র প্রার্থী ও উত্তর জেলা বিএনপির সদস্যসচিব কাজী আবদুল্লাহ আল হাছান প্রথম আলোকে বলেন, ‘নয়টি সাধারণ ওয়ার্ডে আমাদের নয়জন প্রার্থী ফরম পূরণ করে জমা দিতে গেলেও সরকারি দলের সন্ত্রাসীদের ভয়ে তাঁরা রিটার্নিং কর্মকর্তার কাছে ঘেঁষতে পারেননি।’
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা কূলপ্রদীপ চাকমা বলেন, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর পৌরসভায় মেয়র পদে ছয়জন, সাধারণ কাউন্সিলর পদে ১৩ এবং সংরক্ষিত পদে পাঁচজন প্রার্থী হয়েছেন।
এদিকে রাউজানে আওয়ামী লীগের মেয়র প্রার্থী দেবাশীষ পালিতের বিরুদ্ধে হলফনামায় শিক্ষাগত সনদ নিয়ে বিভিন্ন নির্বাচনে ভিন্ন ভিন্ন তথ্য দেওয়ার অভিযোগ তুলে তাঁর মনোনয়নপত্র বাতিল চেয়ে জেলা নির্বাচন কর্মকর্তাকে চিঠি দিয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী সাইফুল ইসলাম চৌধুরী।
সাইফুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এবারের পৌর নির্বাচনে দেবাশীষ পালিত নিজেকে মাধ্যমিক পাস বলে উল্লেখ করেছেন। ২০১১ সালের পৌর নির্বাচনে তিনি নিজেকে বিএ ডিগ্রিধারী উল্লেখ করেছিলেন। তাই তাঁর মনোনয়নপত্র বাতিলের জন্য জেলা নির্বাচন কর্মকর্তাকে চিঠি দিয়েছি।’
এ বিষয়ে দেবাশীষ পালিত বলেন, ‘এসব আমার বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র। এর বাইরে আমি আর কিছুই বলতে চাই না।’
বাতিল ১৪টি: যাচাই-বাছাইয়ে চট্টগ্রামের ১০টি পৌরসভার মধ্যে সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে মিরসরাই, সন্দ্বীপ ও বারইয়াহাটে দুটি করে এবং পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া ও বাঁশখালী পৌরসভায় একটি করে মোট আরও ১০টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আবদুল বাতেন প্রথম আলোকে বলেন, ‘মেয়র পদে কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়নি। সাধারণ ওয়ার্ডে ১০টি এবং সংরক্ষিত ওয়ার্ডে চারটি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। চট্টগ্রামের ১০টি পৌরসভায় সাধারণ ওয়ার্ডে ৩৭৭ এবং সংরক্ষিত ওয়ার্ডে ৮২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে।’