পাবনার ঈশ্বরদী উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের সম্মেলন গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় ও জেলা কমিটির ৩০ জন নেতার উপস্থিতিতে রাত নয়টার দিকে তিনটি কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নাম ঘোষণা করা হয়।
সম্মেলনে উপজেলা ছাত্রলীগের সভাপতি পদে রাকিবুল হাসান, সাধারণ সম্পাদক সুমন দাস, পৌর সভাপতি পদে আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম এবং ঈশ্বরদী সরকারি কলেজ কমিটির সভাপতি পদে খন্দকার আরমান ও সাধারণ সম্পাদক পদে সাব্বির হোসেনের নাম ঘোষণা করা হয়।
গত বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় নির্দেশে পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ঈশ্বরদী উপজেলা, পৌর ও কলেজ কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২৩ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। প্রস্তুতি কমিটির আহ্বায়ক আসিফ হোসাইন শনিবারের সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন।
শহরের একটি কমিউনিটি সেন্টারে সম্মেলনের উদ্বোধন করেন পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিবলী সাদিক জানান, একসঙ্গে তিন কমিটির সম্মেলনের আয়োজন করায় বিভিন্ন পদে অনেক প্রার্থী ছিলেন। কাউন্সিল অধিবেশনে অনেকে পদ পেতে আগ্রহ প্রকাশ করেন। পরে কেন্দ্রীয় ও পাবনা জেলা কমিটির নেতারা প্রার্থীদের সমন্বয়ের মাধ্যমে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া করেন। রাত নয়টার দিকে তিনটি কমিটির দুটি করে পদে মোট ছয়জনের নাম ঘোষণা করা হয়। বাকি সদস্যদের নাম এক মাসের মধ্যে ঘোষণা করা হবে।