রাঙামাটি ও বান্দরবানে বুধবার, খাগড়াছড়িতে বৃহস্পতিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী পাসের প্রতিবাদে ও বান্দরবানের বাঙালি নেতা আতিকুর রহমানের মুক্তির দাবিতে পাঁচ বাঙালি সংগঠনের ডাকা আজ রোববারের হরতাল কর্মসূচি স্থগিত করা হয়েছে। বৌদ্ধধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উৎসবের কারণে আজকের পরিবর্তে আগামী বুধবার রাঙামাটি ও বান্দরবান জেলায় এবং বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলায় হরতালের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার রাতে ই-মেইলে সাংবাদিকদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে হরতালের তারিখ পরিবর্তন করার বিষয়টি জানানো হয়।
এর আগে একই দাবিতে গত বৃহস্পতিবার পাঁচটি বাঙালি সংগঠনের ডাকে তিন পার্বত্য জেলায় শান্তিপূর্ণ হরতাল পালিত হয়। হরতাল ডাকা পাঁচ বাঙালি সংগঠন হচ্ছে—পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য গণপরিষদ, পার্বত্য সমঅধিকার আন্দোলন, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্রঐক্য পরিষদ।
পাঁচ বাঙালি সংগঠনের আহ্বায়ক আলকাছ আল মামুন ভূঁইয়া গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বৌদ্ধধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উৎসব পালনের সুবিধার্থে হরতালের তারিখ পরিবর্তন করা হয়েছে।
প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজার কারণে বৌদ্ধ ও সনাতন ধর্মাবলম্বীদের প্রতি সম্মান দেখিয়ে হরতালের তারিখ পরিবর্তন করা হয়েছে বলে জানান পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের সহসাংগঠনিক সম্পাদক আসাদ উল্লাহ।