রাঙামাটিতে অবরোধে চলেনি বাস ও লঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসসি পরীক্ষার্থী রমেল চাকমাকে হত্যার বিচারের দাবিতে রাঙামাটি জেলায় গতকাল রোববার পাহাড়ি ছাত্র পরিষদের ডাকা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি ছিল শান্তিপূর্ণ। অবরোধে রাঙামাটি শহর থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে কোনো বাস চলেনি। তবে অটোরিকশা চলেছে। কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে পুলিশ জানায়।
রাঙামাটির দশ উপজেলার মধ্যে জেলা শহরের সঙ্গে ছয় উপজেলায় (নানিয়ারচর, লংগদু, বাঘাইছড়ি, বরকল, জুরাছড়ি, বিলাইছড়ি) যাতায়াতের একমাত্র মাধ্যম নৌপথ। অবরোধের কারণে নৌপথে লঞ্চ চলাচল বন্ধ ছিল। লঞ্চচালক মো. শফি বলেন, লঞ্চ চলাচল না করার ছয় উপজেলার যাত্রীরা গতকাল জেলা শহরে আসতে পারেনি। আবার রাঙামাটি শহর থেকে কোনো লোক ওই উপজেলাগুলোয় যেতে পারেনি।
রমেল চাকমার বাড়ি রাঙামাটির নানিয়ারচর উপজেলায়। তিনি পাহাড়ি ছাত্র পরিষদের নানিয়ারচর শাখার সাধারণ সম্পাদক ছিলেন। নানিয়ারচর কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষার্থী দিচ্ছিলেন তিনি।
পাহাড়ি ছাত্র পরিষদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, গত ৫ এপ্রিল রমেল চাকমাকে নানিয়ারচর উপজেলা পরিষদ এলাকা থেকে তুলে নিয়ে নির্যাতন চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরদিন তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ এপ্রিল মারা যান তিনি। পাহাড়ি ছাত্র পরিষদের নেতাদের অভিযোগ, রমেল চাকমার লাশ রীতি অনুযায়ী দাহ করতে দেওয়া হয়নি। পরিবারের কয়েকজন সদস্যকে ডেকে নিয়ে রমেলের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে লাশ পুড়িয়ে ফেলা হয়।
তবে গতকাল রাতে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল মো. রাশেদুল হাসান বিবিসি বাংলাকে বলেন, দুটি বাস লুট এবং একটি ট্রাক পোড়ানোর মামলায় গত পাঁচ এপ্রিল রমেল চাকমাকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। সেই দিন রাতেই তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়৷ এরপর পুলিশের তত্ত্বাবধানে রমেল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং সেখানেই ১৯ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মারা যান।