রাঙামাটির ইউপি নির্বাচন তৃতীয় ধাপের পরিবর্তে ষষ্ঠ ধাপে
রাঙামাটির সব ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন তৃতীয় ধাপ থেকে ষষ্ঠ ধাপে নিয়ে যাওয়া হয়েছে। আজ মঙ্গলবার বেলা তিনটায় নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ–সংক্রান্ত এক ই-মেইল বার্তা রাঙামাটি জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে পাঠানো হয়।
জেলা নির্বাচন কমিশনার মো. নাজীমউদ্দিন জানান, রাঙামাটির সব ইউনিয়ন পরিষদে আগামী ২৩ এপ্রিল নির্বাচন হওয়ার কথা ছিল। গত রোববার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। নির্বাচন পরিচালনা-২ উপসচিব মো. সামসুল আলম স্বাক্ষরিত পাঠানো নির্দেশনায় জানানো হয়, যেহেতু প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো প্রার্থী মনোনয়ন দিতে পারেনি, তাই নির্বাচনে সবার অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে রাঙামাটি জেলার ১০ উপজেলার সব ইউনিয়নের নির্বাচন তৃতীয় ধাপের পরিবর্তে ষষ্ঠ ধাপে তফসিলে অন্তর্ভুক্ত করতে নির্দেশনা প্রদান করা হলো।
রাঙামাটির ১০ উপজেলার ৪৯টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে ১৯টিতেই চেয়ারম্যান পদে প্রার্থী দিতে পারেনি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। অন্যদিকে বিএনপির প্রার্থী নেই ২৭ ইউনিয়নে। এর মধ্যে রাঙামাটি সদর ও জুরাছড়ি উপজেলার ১০টি ইউনিয়নের কোনোটিতেই প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপির কোনো প্রার্থী নেই। ভয়ের কারণে কেউ প্রার্থী হতে চাননি বলে দুই দলের নেতারা জানিয়েছেন।
আরও পড়ুন...