রাঙ্গুনিয়ায় জিয়ার প্রথম কবরে নেতা-কর্মীদের শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকীতে গতকাল শনিবার সকালে রাঙ্গুনিয়ায় তাঁর প্রথম কবরে শ্রদ্ধা জানান বিএনপির নেতা-কর্মীরা। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা। 
চট্টগ্রাম মহানগর বিএনপির নেতা-কর্মীরা গতকাল সকাল নয়টায় দলীয় কার্যালয় নাসিমন ভবন থেকে গাড়ির বহর নিয়ে রাঙ্গুনিয়ায় যাত্রা করেন। গাড়িবহরের নেতৃত্ব দেন মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। দলীয় নেতারা সেখানে জিয়াউর রহমানের প্রথম কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তাঁরা জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন।
সমাবেশে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘জিয়াউর রহমান ক্ষণজন্মা পুরুষ। স্বল্প সময়ে সঠিক নেতৃত্বের মাধ্যমে তিনি বাংলাদেশকে গৌরবের আসনে অধিষ্ঠিত করেছিলেন। দেশে বহুদলীয় গণতন্ত্রও তিনি চালু করেছিলেন।’
আমীর খসরু বলেন, দেশের মানুষ এখন চরম সংকটের মধ্যে দিন পার করছে। এই অবস্থায় জিয়ার চেতনায় উজ্জীবিত হয়ে আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র, জনগণের ভোটাধিকার, বাক্স্বাধীনতা, আইনের শাসন ফিরিয়ে আনতে হবে। খালেদা জিয়া যখনই আন্দোলনের ডাক দেবেন, তখনই ঝাঁপিয়ে পড়তে হবে।
সমাবেশে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, বিএনপির কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান, নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান উপস্থিত ছিলেন।