রাঙ্গুনিয়ায় আ. লীগ কাউন্সিলপ্রার্থীর দুই বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ব্যালটবাক্স ছিনতাইয়ের অভিযোগে আওয়ামী লীগের এক কাউন্সিলর প্রার্থীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. নিশাদুজ্জামান এ আদেশ দেন।

সাজাপ্রাপ্ত ওই কাউন্সিলর প্রার্থী হলেন মো. হারুন। তিনি পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সহসাংগঠনিক সম্পাদক। এ ব্যাপারে জানতে চাইলে সাজাপ্রাপ্ত মো. হারুন প্রথম আলোকে বলেন, তাঁর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী আসাদুজ্জামান খান তাঁর সমর্থকদের নিয়ে ব্যালট পেপারে সিল মেরে ব্যালটবাক্সে ভরছিলেন। তিনি ব্যালটবাক্সটি রক্ষা করার জন্য সেটি দুই হাতে জড়িয়ে ধরেন। পরে পুলিশ তাঁকে ধরে ফেলে।

রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এএসআই) মো. আরমান বলেন, দুপুরের দিকে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলি হয়। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গিয়ে ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এর আগে দুপুর দুইটার দিকে মজুমদারখিল উচ্চ বিদ্যালয়কেন্দ্রে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে গোলাগুলি হয়। এ সময় ওই কেন্দ্রে আধঘণ্টা ভোটগ্রহণ স্থগিত ছিল।