রাঙ্গুনিয়ায় ভোট নিয়ে উচ্ছ্বাস সংঘর্ষ, গোলাগুলি সবই ছিল
কেন্দ্রে ঢুকে নৌকা প্রতীকে সিল মারা, কেন্দ্রের বাইরে গোলাগুলি ও সংঘর্ষে দুজন আহত হয়েছেন। গতকাল শনিবার চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ১২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে সংঘর্ষের বিচ্ছিন্ন কিছু ঘটনা যেমন ঘটেছে, তেমনি সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইনও দেখা গেছে। সকালে ভোট নিয়ে ভোটারদের উচ্ছ্বাস দেখা যায়। আবার দুপুরের পর অধিকাংশ কেন্দ্র ফাঁকা পড়ে ছিল।
রাঙ্গুনিয়ার ১২টি ইউপির মধ্যে ৮টিতে চেয়ারম্যান ও সদস্যপদে নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকি চারটিতে শুধু সদস্যপদে নির্বাচন হয়। পদুয়া, রাজানগর, শিলক ও কোদালা ইউনিয়নে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হন।
গতকাল সকাল ৯টা ১৫ মিনিটে পোমরা ইউনিয়নের পোমরা বঙ্গবন্ধু উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে দেখা গেছে নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন। লাইনে দাঁড়ানো মাবিয়া খাতুন নামের এক ভোটার বলেন, ‘সকাল সাড়ে আটটায় এসেছি। এখনো ভোট দিতে পারিনি।’
ওই কেন্দ্রের ৪ নম্বর বুথে গেলে সহকারী প্রিসাইডিং অফিসার নাছির উদ্দিন বলেন, তাঁর বুথে ২৫০ ভোটের মধ্যে সকাল ৯টা পর্যন্ত এক ঘণ্টায় ১০০ ভোট গ্রহণ করা হয়।
সকাল ৯টা ৪৫ মিনিটে একই ইউনিয়নের রোসাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র, ১০টায় পোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ও পোমরা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়েও নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।
সরফভাটা ইউনিয়নের সরফভাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার নুরুল হুদা বলেন, ২ হাজার ৬ ভোটের মধ্যে এই কেন্দ্রে সকাল ১০টা পর্যন্ত ৭০০ ভোট গ্রহণ করা হয়।
দুপুর সাড়ে ১২টায় লালানগর ইউপির উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায় হাতে গোনা কয়েকজন ভোটার রয়েছেন। কেন্দ্রের প্রিসাইডিং অফিসার লিটন চক্রবর্তী বলেন, ৯৪১ ভোটের মধ্যে ৬০০ ভোট গ্রহণ করা হয়েছে।
বেলা একটার দিকে ইসলামপুর ইউনিয়নের ইসলামপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটারদের দেওয়া হচ্ছে শুধু সদস্য প্রার্থীদের ব্যালট পেপার। ওই কেন্দ্রের ৩ নম্বর বুথে দেখা গেছে, ব্যালটে আগে থেকে নৌকা মার্কায় সিল মারা। জানতে চাইলে সহকারী প্রিসাইডিং অফিসার নুরুল আমিন বলেন, কিছু যুবক জোর করে ঢুকে সিল মেরে চলে গেছেন। বিষয়টি প্রিসাইডিং অফিসারকে জানানো হয়েছে। অবশ্য প্রিসাইডিং অফিসার শান্তি জ্যোতি বড়ুয়া দাবি করেন, এ বিষয়টি তাঁর জানা নেই। একই কথা জানান কেন্দ্রে থাকা পুলিশ পরিদর্শক মফিজ উদ্দিন।
বেলা আড়াইটার পর কোদালা ইউনিয়নের পূর্ব কোদালা সুলতানিয়া মাদ্রাসা, পূর্ব কোদালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোদালা চৌধুরীপাড়া ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্রে গিয়ে ভোটারদের দেখা মেলেনি। কোদালা চৌধুরীপাড়া ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্রের প্রিসাইডিং অফিসার নুরুল আক্তার বলেন, বেলা তিনটা পর্যন্ত ১ হাজার ৫২৪ ভোটের মধ্যে ৮৫০ ভোট গ্রহণ করা হয়।
এর আগে গতকাল সকাল সাড়ে ১০টায় পোমরা ইউনিয়নের আবু হানিফা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে সদস্য পদপ্রার্থী মো. মুছা ও জাকির হোসেনের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় মুছার সমর্থক মোহাম্মদ জাশেদ (২২) ছুরিকাহত হন। দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) মিজানুর রহমান জানান, আহত ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বেলা পৌনে ১১টার দিকে পোমরা এসআরএস সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে বিএনপি ও আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হয়নি। দায়িত্বরত এএসআই মো. রাশেদ জানান, ১০টি গুলিবিনিময় হয়। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ভোট কেমন হয়েছে জানতে চাইলে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মহসিন দাবি করেন, সকাল থেকে সুষ্ঠু ভোট হলেও দুপুরের পর সরকারদলীয় লোকেরা ভোটকেন্দ্র দখল করে রাখেন।
তবে এ অভিযোগ অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল আলম তালুকদার দাবি করেন, ভোট সুষ্ঠুভাবে হয়েছে।
ভোট গ্রহণ শেষ হওয়ার পর পোমরা ইউনিয়নের ছাইনিপাড়া প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে দুই সদস্য পদপ্রর্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হন ইউনুস খান। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।