রাঙ্গুনিয়ায় রাস্তা মেরামতে মাঠে নামলেন সাংসদ
বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে নেতা-কর্মীদের নিয়ে নিজেই মাঠে নামলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে নির্বাচিত সাংসদ হাছান মাহমুদ। গতকাল রোববার বিকেলে রাঙ্গুনিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীরখীল গুচ্ছগ্রামের সড়ক মেরামতের মাধ্যমে স্বেচ্ছাশ্রম কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
রাঙ্গুনিয়া উপজেলার পৌর এলাকায় প্রাকৃতিক দুর্যোগে রাস্তা ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়। দলীয় নেতা-কর্মীদের উদ্বুদ্ধ করতে সাংসদ হাছান মাহমুদ স্বেচ্ছাশ্রম কার্যক্রমের আয়োজন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে হাছান মাহমুদ বলেন, রাঙ্গুনিয়ায় পাহাড়ধসে ২৭ জনের মৃত্যু হয়েছে। ৮টি ইউনিয়নের ৪৯টি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারিভাবে এসব রাস্তা মেরামত করা হবে। আওয়ামী লীগের নেতা-কর্মীদেরও এই মেরামতের কাজে যুক্ত থাকতে হবে।
গতকাল স্বেচ্ছাশ্রম কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান মো. আলী শাহ, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র শাহজাহান শিকদার, কাউন্সিলর মো. সেলিম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইউনুছ, সরফভাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাছির উদ্দিন প্রমুখ।